এমবাপের ভার দেম্বেলের কাঁধে চাপিয়ে দিতে চান না পিএসজি কোচ
গোল করার জন্য শুধু একজনের দিকে তাকিয়ে নেই দল, বললেন পিএসজি কোচ লুইস এনরিকে।
নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছেন উসমান দেম্বেলে। পিএসজির হারিয়ে ফেলা তারার সঙ্গে তার তুলনাও শুরু হয়ে গেছে। তবে এই জায়গাটায় ভীষণ সতর্ক লুইস এনরিকে। কিলিয়ান এমবাপের কাছে প্রত্যাশার যে চাপ ছিল, দেম্বেলের ওপর তা চাপিয়ে দিতে চান না পিএসজি কোচ।
দেম্বেলের গোলে শনিবার লিগে পরাজয় এড়িয়েছে পিএসজি। ঘরের মাঠে কেইতো নাকামুরার গোলে নবম মিনিটেই এগিয়ে যায় রাঁস। ৬৮তম মিনিটে দেম্বেলের গোলে সমতা ফেরায় ফরাসি চ্যাম্পিয়নরা।
বার্সেলোনা থেকে গত বছর পিএসজিতে পাড়ি জমানো দেম্বেলের চলতি মৌসুমে চতুর্থ গোল এটি। সহায়তা করেছেন তিনি আরও দুটি গোলে।
ক্লাবের ইতিহাসের সফলতম গোলস্কোরার এমবাপে এই মৌসুমে ক্লাব ছেড়ে যাওয়ার পর বড় একটা শূন্যতা তৈরি হয়েছে দলে। যদিও কোচ এনরিকে বরাবরই বলে এসেছেন, এমবাপের ক্লাব ছেড়ে যাওয়ায় বড় দুর্ভাবনা তার নেই। তবে এই মানের একজন গোলস্কোরার না থাকা মানে বিশ্বের যে কোনো দলের জন্যই বড় ধাক্কা।
দেম্বেলে যেভাবে মৌসুমের শুরুটা করেছেন, তাতে পাদপ্রদীপের আলোয় এখন তিনি। ২৭ বছর বয়সী উইঙ্গার এমবাপের মতোই দলের ত্রাতা হয়ে উঠছেন বলে আলোচনা ফরাসি মিডিয়ায়।
কিন্তু রাঁসের বিপক্ষে ম্যাচের পর এই আলোচনার জোয়ারে বাঁধ দিতে চাইলেন কোচ এনরিকে।
“আমরা কোনো গোলস্কোরার খুঁজছি না। কারণ, দেম্বেলের ওপর যদি ভার চাপিয়ে দেন এবং এরপর সে প্রত্যাশিত হারে গোল করতে না পারে, তাহলে সমস্যা শুরু হয়ে যাবে।”
“আমাদের সবার চাওয়া দলের জয়। গোল কে করবে, আমার ভাবনা নেই। পিএসজির জার্সি গায়ে কেউ একজন গোল করলেই হলো। একজন ফুটবলারের ওপর এই চাপ নেই। গোটা দলকেই উন্নতি করে যেতে হবে।”
রাঁসের বিপক্ষে এই ম্যাচে জানলুইজি দোন্নারুম্মা ও মার্কো আসেন্সিওর মতো গুরুত্বপূর্ণ দুজনকে পায়নি পিএসজি। দলে চোট সমস্যা আছে আরও কিছু। তবে দলের শক্তির গভীরতায় আস্থা রাখছেন এনরিকে।
“শুরু থেকেই আমরা জানতাম যে, এই ম্যাচে কাজটা কঠিন হবে। তারা খুব ভালো খেলে, শারীরিকভাবে তারা শক্তিশালী এবং বল পায়ে নিয়ন্ত্রণ তাদের ভালো।”
“ম্যাচের অবস্থা বুঝে আমরা খেলোয়াড় বদলাতে পারি। সব পরিস্থিতি কাজে লাগানোর মতো বৈচিত্র আমাদের স্কোয়াডে আছে এবং বিভিন্ন খেলোয়াড়কে নিয়মিতই নানাভাবে কাজে লাগানোর সুযোগ আমাদের আছে।”
লিগে টানা চার ম্যাচে জয় দিয়ে শুরুর পর প্রথম পয়েন্ট হারাল পিএসজি। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই ও তিনে মার্শেই ও মোনাকো।
