২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ: প্রথমের খোঁজে ৯ দল

উত্তর আমেরিকায় কি ঘুচবে দলগুলোর এই অপ্রাপ্তি?

২০২৬ বিশ্বকাপ: প্রথমের খোঁজে ৯ দল
গত বিশ্বকাপে কানাডার গোলের অপেক্ষা শেষ হয়েছে, এবার চাই জয়। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 08:39 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

দেশের মাটিতে বিশ্বকাপে বড় এক খরা কাটানোর অভিযানে নামবে কানাডা, প্রথম জয়ের খোঁজে। অবশ্য আসছে বিশ্বকাপে কেবল তারাই নয়, আরও আটটি দল আছে, যারা কখনও বৈশ্বিক আসরে জয়ের স্বাদ পায়নি।

এক নজরে দেখে নেওয়া যাক ফুটলের সবচেয়ে বড় মঞ্চে দলগুলোর পারফরম্যান্স।

কানাডা:

বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯৮৬ ও ২০২২

পারফরম্যান্স: ছয় ম্যাচ খেলে সবগুলোয় হার

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে, উচ্ছ্বাসে ফেটে পড়েন আলফুঁস ডেভিস, তার সঙ্গে যোগ দেন সতীর্থরা-তাদের উদযাপনটা ছিল দেখার মতো। আর কেনই বা নয়, বিশ্বকাপে প্রথম গোল বলে কথা!

বিশ্বকাপের দুই আসর মিলিয়ে চার ম্যাচ পর, পাঁচ নম্বরটিতে এসে সেদিন প্রথম জালের দেখা পায় কানাডা। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ৪-১ গোলে হারে তারা।  

১৯৮৬ আসরে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পায় কানাডা। তিন ম্যাচের সবগুলো হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় উপস্থিতিতেও ফল একই, তিন ম্যাচের সবগুলোই হেরে বিদায় শুরুর ধাপেই।

দীর্ঘ অপ্রাপ্তির হতাশা এবার মুছে ফেলার দারুণ সুযোগ কানাডার সামনে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ দেশের মাঠে খেলবে কানাডা, ফলে সমর্থকদের পূর্ণ সমর্থনও তাদের জন্য হবে বাড়তি প্রেরণার।

হাইতি

বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯৭৪

পারফরম্যান্স: তিন ম্যাচ খেলে সবগুলোয় হার

কানাডার বর্তমান প্রধান কোচ জেসি মার্শ যখন ছোট্ট বাচ্চা, তখন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় প্রথম ও শেষবার দেখা গিয়েছিল হাইতিকে।

১৯৭৪ সালের সেই পশ্চিম জার্মানি আসরে অভিষেকের রোমাঞ্চ আর আনন্দ থাকলেও, মাঠের লড়াই ভীষণ তেতো অভিজ্ঞতা দিয়েছিল দলটিকে। ইতালির বিপক্ষে ৩-১, পোল্যান্ডের বিপক্ষে ৭-০ ও আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হেরে, গ্রুপ-৪ এর তলানিতে থেকে ছিটকে পড়ে হাইতি।

অর্ধ-শতাব্দীর বেশি সময় পর, কনক্যাকাফ অঞ্চলের বাছাই পেরিয়ে আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে হাইতি। দেশের মানুষকে প্রথম জয়ের স্বাদ দেওয়ার অভিযানে তারা ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের বিপক্ষে।

ইরাক 

বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯৮৬

পারফরম্যান্স: তিন ম্যাচ খেলে সবগুলোয় হার

বিশ্বকাপের মূল পর্বে ইরাকেরও একমাত্র অভিযানটা ছিল হতাশাময়; গ্রুপ পর্বেই শেষ হয়েছিল তাদের পথচলা।

তবে তিন ম্যাচেই প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছিল ইরাকের ছেলেরা; ন্যূনতম ব্যবধানে হেরেছিল প্যারাগুয়ে (১-০), বেলজিয়াম (২-১) ও স্বাগতিক মেক্সিকোর (১-০) বিপক্ষে।

চার দশক পর, বাছাইপর্বে আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে আবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরাক। যেখানে নিশ্চিতভাবেই তাদের প্রথম লক্ষ্য থাকবে হারের বৃত্ত থেকে বেরিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়া।

যদিও তাদের লড়াইটা ভীষণ কঠিন হতে যাচ্ছে, ‘সবচেয়ে কঠিন’ গ্রুপে যে পড়েছে তারা! ‘আই’ গ্রুপে ইরাককে লড়তে হবে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের বিপক্ষে।

নিউ জিল্যান্ড

বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯৮২ ও ২০১০

পারফরম্যান্স: ছয় ম্যাচ খেলে তিনটি করে ড্র ও হার

২০১০ আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে গ্রুপ থেকে বিদায় নিয়েছিল নিউ জিল্যাল্ড; ইতালির সঙ্গে ১-১, প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ও স্লোভাকিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। ওই হৃদয়ভাঙার ১৬ বছর পর, আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নিউ জিল্যান্ড।

অবশ্য ওই দক্ষিণ আফ্রিকা আসরের শেষটা হতাশাজনক হলেও, বিশ্বকাপে অভিষেক আসরের চেয়ে দারুণ উন্নতির ছাপ রেখেছিল নিউ জিল্যান্ড; ১৯৮২ বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল দলটি।

প্রথমবারের মতো এবার বাছাইপর্ব পেরিয়ে ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়, এবং সুযোগটা দারুণ পারফরম্যান্সে লুফে নেয় নিউ জিল্যান্ড। এবার লক্ষ্য বিশ্বকাপে মূল পর্বে অন্তত প্রথম জয় পাওয়ার।

‘জি’ গ্রুপে তারা খেলবে বেলজিয়াম, মিশর ও ইরানের বিপক্ষে।

কাতার

বিশ্বকাপে অংশগ্রহণ: ২০২২

পারফরম্যান্স: তিন ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে 

স্বাগতিক মর্যাদায় ২০২২ বিশ্বকাপে খেলতে নেমে আহামরি কিছু করতে পারেনি কাতার, তিন ম্যাচ খেলে হেরে যায় সবগুলোয়। তবে ওই আসর দিয়ে উপসাগরীয় অঞ্চলগুলোয় ফুটবল উন্মাদনা বাড়ে কয়েক গুণ।

একুয়েডর, নেদারল্যান্ডস ও সেনেগালের বিপক্ষে আশাব্যাঞ্জক পারফরম্যান্স কাতারের ফুটবলের সামনের দিনের জন্য দারুণ প্রেরণা জোগায়। ফলাফল, এবার প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।

এবার তাদের লক্ষ্য প্রথম জয়ের স্বাদ পাওয়া। কঠিন কোনো গ্রুপেও পড়েনি তারা, নেই কোনো টপ ফেভারিট দল। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা ও সুইজারল্যান্ড।

অভিষেকের অপেক্ষায় চার

আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পা পড়বে চার দলের- কেপ ভার্দ, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের।

দলগুলোর বাছাই পেরিয়ে আসার গল্পগুলো দারুণ চমক জাগানিয়া।

আফ্রিকান ফুটবলের এক বিস্ময় এই কেপ ভার্দ; এই অঞ্চলের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে ক্যামেরুনকে পেছনে ফেলে সেরা হয় তারা। 

মূল পর্বে কেপ ভার্দ ‘এইচ’ গ্রুপে খেলবে স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে।

আরেক চমক হয়ে এসেছে কুরাসাও; বিশ্বকাপ ইতিহাসে আয়তনে সবচেয়ে ছোট ও সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে খেলতে যাচ্ছে তারা। 

ডিক আটফোকাটের কোচিংয়ে রূপকথার গল্প লেখা কুরাসাও বিশ্বকাপে খেলবে ‘ই’ গ্রুপে। প্রথম পর্বে তাদের প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, কোত দি ভোয়া ও একুয়েডর।

২০১৪ আন্তঃমহাদেশীয় প্লে-অফে উরুগুয়ের বিপক্ষে হারে হৃদয় ভেঙেছিল জর্ডানের। সেই হতাশাকে পেছনে ফেলে অবশেষে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এশিয়ার দলটির।

‘জে’ গ্রুপে জর্ডান খেলবে শিরোপাধারী আর্জেন্টিনা, অষ্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে। 

আর মধ্য এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলবে উজবেকিস্তান। ‘কে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, ডিআর কঙ্গো ও পর্তুগাল।