বর্ষসেরা হয়ে ভিনিসিউস বললেন, ‘রেয়ালে থাকতে চাই অনেক দিন’
যারা তাকে ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে ভিনিসিউস জুনিয়রের চোখে-মুখে খেলে গেল বিশ্ব জয়ের উচ্ছ্বাস। পুরোনো হতাশা মুছে, প্রাপ্তির ক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৃতজ্ঞতা জানালেন কোচ-সতীর্থ থেকে শুরু করে সবার প্রতি। আর যে জার্সি পরে এতবড় অর্জন, সেই ক্লাব রেয়াল মাদ্রিদে আরও অনেক বছর থাকার অভিপ্রায় জানালেন তিনি।
মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিশ্বসেরা ফুটবলার হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার পর, ধীরপায়ে মঞ্চের দিকে হেঁটে যান ভিনিসিউস। তার হাতে পুরস্কার তুলে দিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “যদি জানতে চান, কে বিশ্বের সেরা ফুটবলার, তাহলে সেটা ফিফার মাধ্যমে (জানতে হবে)।”
ফিফা প্রধানের ওই কথায়, কিংবা পুরস্কার হাতে নিয়ে ভিনিসিউসের কণ্ঠেও যেন মিশে রইল মাস দেড়েক আগে ঘটে যাওয়া ‘ব্যালন দ’র বিতর্ক’।
ফিফার পুরস্কারটির জন্য বিবেচিত সময়ে জাতীয় দলের দলের হয়ে ভিনিসিউস আহামরি কিছু করতে না পারলেও, রেয়ালের জার্সিতে তার পারফরম্যানস ছিল অসাধারণ।
রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তিনি হ্যাটট্রিক করেন বার্সেলোনার বিপক্ষে। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এমন চোখধাঁধানো পারফরম্যান্সের কারণে এবারের ব্যালন দ’রের লড়াইয়েও তাকে এগিয়ে রাখছিলেন অনেকে। কিন্তু গত ২৮ অক্টোবর তাকে পেছনে ফেলে জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বিষয়টি নিয়ে তখন আলোচনা-সমালোচনা হয় অনেক। কোনো রাখঢাক না করে ভিনিসিউস ও রেয়ালের পক্ষ থেকে সমালোচনা করা হয়।
ফিফার ভোটাভুটিতে সেই রদ্রিকেই পেছনে ফেলে ‘ফিফা দা বেস্ট মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড জয় করেন ভিনিসিউস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ৪৮ পয়েন্ট, ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রদ্রি।
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে ভিনিসিউসের কথায় মিশে রইল যেন ওই হতাশায় প্রলেপ দেওয়ার আনন্দ।
“এই পর্যায়ে উঠে আসতে পারাটা অসম্ভব মনে হচ্ছিল এবং এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয় সেরা। তাদের ভোট ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে।
তাকে যারা ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানান ভিনিসিউস।
“কোচ, খেলোয়াড় ও সাংবাদিক; যারা আমাকে ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন, কারণ অনেক মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি সঠিক পথেই আছি। আমি শান্ত আছি এবং আমি এখন বিশ্বের সেরা খেলোয়াড়। এই দলে ভালো যা কিছু হচ্ছে, সেই জন্য আমি খুব খুশি।”
“রেয়াল মাদ্রিদের হয়ে আরও অনেক দিন খেলে যেতে চাই, এটা বিশ্বের সেরা ক্লাব।”
