১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারার পর দর্শকের ছোড়া বস্তুতে রক্তাক্ত মেক্সিকো কোচ

তবুও এই ঘটনা নিয়ে কোনোরকম অভিযোগ করতে চান না হাভিয়ের আগিরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 04:42 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

দলের পরাজয়ের পর গ্যালারি থেকে ছোড়া একটি ক্যানের আঘাতে মাথা ফেটে গেছে মেক্সিকো কোচ হাভিয়ের আগিরের।

কনকাকাফ নেশন্স লিগে শুক্রবার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে হারের পর, প্রতিপক্ষ কোচের সঙ্গে হাত মেলানোর জন্য টাচলাইন ধরে যাচ্ছিলেন আগিরে, ওই সময় গ্যালারি থেকে ছোড়া ক্যানটি তার মাথায় আঘাত করে। আহত স্থান থেকে রক্ত ঝরতে থাকে।

হন্ডুরাসের সান পেদ্রো সুলার এই ঘটনা নিয়ে কোনো অভিযোগ করতে চান না আগিরে।

“এটা ফুটবল এবং (এই ঘটনায়) অন্য কোনো বিষয় উল্লেখ করাটা অযৌক্তিক, কারণ আমি অভিযোগ করব না।” 

তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কনকাকাফ ফুটবল ফেডারেশন।

“কনকাকাফের কাছে সব দল ও দর্শকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবলে এই ধরনের উগ্র আচরণের স্থান নেই।”

এই পর্বে মেক্সিকোর ফুটবলে আগিরে অধ্যায় খুব বেশিদিন শুরু হয়নি। গত কোপা আমেরিকায় দলটি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ছাঁঠাই হন ওই সময়ের কোচ হাইমে লোসানো। এরপর জুলাইয়ে তৃতীয়বারের মতো স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নেন সাবেক মিডফিল্ডার আগিরে।