২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোয়াডের আকৃতি নিয়ে পেপ গুয়ার্দিওলার অস্বস্তি

আগামী দুই সপ্তাহের মধ্যে নিজের দলের অনেক খেলোয়াড়ের ঠিকানা বদলে যাওয়ার আভাস দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।

স্কোয়াডের আকৃতি নিয়ে পেপ গুয়ার্দিওলার অস্বস্তি
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

গ্রীষ্মের দলবদলে ক্লাবে নতুন খেলোয়াড় যোগ হয়েছে বেশ কিছু। তাতে স্কোয়াডের আকার বেড়ে গেছে। দলের জন্য যা মোটেও ‘ভালো নয়’, মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

শিরোপাশূন্য গত মৌসুমের হতাশা কাটানোর লক্ষ্যে এবার শুরুটা দারুণ হয়েছে সিটির। ৯ মৌসুমের মধ্যে সপ্তমবার লিগ জয়ের অভিযান শুরুর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজানি রেইডার্স। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। তার বদলি নেমে জালের দেখা পান হায়ান শের্কি। 

ডাচ মিডফিল্ডার রেইডার্স ও ফরাসি মিডফিল্ডার শের্কির এটাই ছিল প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ। দুই বছর বাদে পুরোনো ঠিকানায় ফিরে আত্মবিশ্বাসী শুরু করেছেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। সাবেক দলের বিপক্ষে আলো ছড়িয়েছেন গত জুনে উলভস ছেড়ে সিটিতে আসা আলজেরিয়ার ডিফেন্ডার রায়ান আইত-নুরি।

নতুনদের ঝলমলে অভিষেকে এবং পুরোনোদের সঙ্গে ভালো বোঝাপড়ায় নিজেদের দারুণ ভবিষ্যৎ দেখছেন কোচ গুয়ার্দিওলা। এখন তার একমাত্র ভাবনা, ‘অতিরিক্ত ফুটবলারদের’ ছেড়ে দেওয়া। উলভস ম্যাচের পর সেই কথাই বললেন তিনি।

“(দলে খেলোয়াড়) অনেক বেশি-অনেক মানুষ। সব প্রতিযোগিতায় লড়তে আমি স্কোয়াডে গভীরতা চাই, কিন্তু আমি খেলোয়াড়দের বাড়িতে রেখে আসতেও চাই না। বিষয়টা একদমই ভালো কিছু নয়। এভাবে ক্লাবে ভালো আবহ তৈরি করা যায় না।”

“দলের সবার মধ্যে এই অনুভূতি আসতে হবে যে, তারা খেলতে ও সাহায্য করতে পারে। গত মৌসুম থেকে ক্লাব বিষয়টা জানে… এর একটা সমাধান খুঁজতে আগামী দুই সপ্তাহে খেলোয়াড় ও এজেন্টদের সঙ্গে কথা বলা হবে।”

দলের গত কয়েক বছরের অনেক সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার গোলরক্ষক এদেরসন ও মিডফিল্ডার সাভিনিয়োর সিটি ছাড়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শুক্রবার গুয়ার্দিওলা জানান, এই দুই ব্রাজিলিয়ানের কেউ তাকে এমন কিছু জানাননি।

তবে, উলভস ম্যাচের স্কোয়াডে এদেরসনের অনুপস্থিতি আগের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে। গুয়ার্দিওলা অবশ্য গুঞ্জনটাকে বাড়তে দিলেন না। জানালেন, শারীরিক অসুস্থতার কারণেই খেলেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার।

“যদি কোনো খেলোয়াড় চলে যেতে চায়, তাহলে তাকে যেতে হবে তবে অবশ্যই সেটা ক্লাবের শর্তসাপেক্ষে। এখানে ভালো না থাকলে কারো থাকার প্রশ্নই আসে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তির সবকিছু ক্লাবের ওপর নির্ভর করে।”

“আগামী দুই সপ্তাহে কী হবে, আমি জানি না।”