২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ বেশি পছন্দ কেইনের

বুন্ডেসলিগার চেয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে উন্মুক্ত লড়াই তার খেলার ধরনের সঙ্গে বেশি মানায়।

ঘরোয়া লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ বেশি পছন্দ কেইনের
হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ইউরোপের বড় ও সফল দলগুলো অংশ নেওয়ায় স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ের তীব্রতা অনেক বেশি। সব দলই জয়ের চেষ্টায় থাকে, তাই গোলের সুযোগও তৈরি হয় বেশি। আর একারণেই নিজের খেলার ধরনের সঙ্গে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি বেশি মানানসই বলে মনে করেন হ্যারি কেইন। 

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরুর ম্যাচে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দলের জয়ে জোড়া গোল করে মূল ভূমিকা রাখেন কেইন।

প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ স্পট কিকে ব্যবধান বাড়ান কেইন। এর পরপরই কোল পালমার একটি গোল শোধ করে দেয়। পরে ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন বায়ার্ন তারকা।

ম্যাচের পর উচ্ছ্বসিত কণ্ঠে ইংল্যান্ড অধিনায়ক জানান, ঘরোয়া লিগের তুলনায় চ্যাম্পিয়ন্স লিগ বেশি পছন্দ তার। 

“আমার সবসময়ই মনে হয়, চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বুন্ডেসলিগার চেয়ে গোলের বেশি সুযোগ তৈরি হয়। এখানে লড়াই একটু বেশি উন্মুক্ত থাকে, যা আমার খেলার সঙ্গে মানিয়ে যায়। আশা করি, এ বছর ১১টির বেশি গোল পাব।”

বায়ার্নের জার্সিতে শুরু থেকেই দারুণ খেলছেন কেইন। চলতি মৌসুমের সূচনাও দুর্দান্ত হয়েছে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে ৯ গোল করেছেন তিনি, আর জার্মান সুপার কাপ ধরলে ছয় ম্যাচে তার গোল ১০টি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল করেছিলেন তিনি।

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেয় চেলসি। ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী পিএসজিকে উড়িয়ে উঁচিয়ে ধরে ট্রফি। তাদেরকেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরের পথচলা শুরু করতে পেলে খুব খুশি কেইন ধন্যবাদ জানালেন সতীর্থদের।

“খুব ভালো একটা দলের বিপক্ষে সেরা পারফরম্যান্স। ম্যাচের আগে নিজেরা বলাবলি করছিলাম যে, আমরা ক্লাব বিশ্বকাপ জয়ীদের মুখোমুখি হচ্ছি। ম্যাচের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে এবং মাঠে সেটাই করেছি।”