২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদকে সম্মান করি, তবে ভয় পাই না’

শেষ আটের ফিরতি লেগের আগে দারুণ আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

‘রেয়াল মাদ্রিদকে সম্মান করি, তবে ভয় পাই না’

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 09:05 PM

Updated : 16 Apr 2024, 09:05 PM

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ১৩ আসরের মধ্যে ১১ বারই অন্তত সেমি-ফাইনালে খেলেছে রেয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার প্রতিযোগিতায় রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। স্প্যানিশ দলটির এত উজ্জ্বল সব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না পেপ গুয়ার্দিওলা। রেয়ালের প্রতি যথেষ্ট সম্মান তার আছে। তবে ম্যানচেস্টার সিটি কোচের স্পষ্ট উচ্চারণ- কাউকেই ভয় পান না তারা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার রেয়ালের মুখোমুখি হবে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এই নিয়ে টানা তৃতীয় মৌসুমে প্রতিযোগিতাটির নকআউট পর্বে একে অন্যের বিপক্ষে খেলছে দল দুটি। আগের দুবারই ছিল সেমি-ফাইনালে। ২০২২ সালে সিটিকে হারিয়ে ফাইনালে ওঠার পর শিরোপা জেতে রেয়াল। গত বছর মাদ্রিদের দলটিকে হারিয়ে ফাইনালে উঠে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় ইংলিশ দলটি।

খেলোয়াড় কিংবা কোচ হিসেবে অসংখ্যবার রেয়ালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে গুয়ার্দিওলার। দলটিকে তাই ভয় পাওয়ার কিছু দেখছেন না সিটির এই স্প্যানিশ কোচ।

“ওদের ভয় পাই না। ওদের অনেক সম্মান করি আমি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি। ওদের সম্মান করি এবং যদি বলি যে, ওদের ভয় পাই, তাহলে মিথ্যা বলা হবে।”

“তাদের হারাতে এবং ভালো খেলতে চাইবেন। কখনও কখনও জিতবেন, আবার কখনও কখনও হেরে যাবেন। কিন্তু আমি ওদের ভয় পাই না, যদি তারা আমাদের হারায় … যেমনটা অনেকবার হয়েছে… আমরা ওদের অভিনন্দন জানাব।”

গত সপ্তাহে রেয়ালের মাঠে প্রথম লেগে ৩-৩ ড্র করে ফেরে সিটি। দল দুটির সবশেষ পাঁচবারের দেখায় সব মিলিয়ে গোল হয়েছে ২৩টি।

গত মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে শেষ চারের ফিরতি লেগে রেয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে দলটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা বলেন, কার্লো আনচেলত্তির দল গত মৌসুমের চেয়ে এবার অনেক শক্তিশালী। তার সঙ্গে একমত নন গুয়ার্দিওলা।

“আমি বের্নার্দোর সঙ্গে একমত নই, গত বছর (কারিম) বেনজেমা, (লুকা) মদ্রিচকে নিয়ে রেয়াল খুব ভালো দল ছিল। আমি যখন রেয়াল মাদ্রিদকে নিয়ে ইতিবাচক কথা বলি, তখন লোকজন আমাকে বিশ্বাস করে না, সেটা আমি যখন ফুটবলার ছিলাম কিংবা এখন।”