২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভূমিকায় উনায়ির প্রতিদানে খুশি মরক্কো কোচ

কানাডার বিপক্ষে জোড়া গোল করা আজেদিন উনায়ির প্রশংসায় পঞ্চমুখ মরক্কো কোচ মোহামেদ ওয়াহ্‌বি।

নতুন ভূমিকায় উনায়ির প্রতিদানে খুশি মরক্কো কোচ
জোড়া গোল করা আজেদিন উনায়ির সঙ্গে মরক্কো কোচ মোহামেদ ওয়াহ্‌বি (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 03:52 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

কৌশলে একটু বদল আনলেন মোহামেদ ওয়াহ্‌বি। আজেদিন উনায়িকে খেলালেন মাঝমাঠের উপরের দিকে। দ্বিতীয়ার্ধে মরক্কোর খেলার গতিও গেল বদলে। এই মিডফিল্ডার কোচের আস্থার প্রতিদান দিলেন কানাডার জালে জোড়া গোল করে। নতুন ভূমিকায় উনায়ির পারফরম্যান্সে যারপরনাই খুশি মরক্কো কোচ।

উত্তর আমেরিকা বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো। দলের অন্য গোলদাতা সুফিয়ান রাহিমি।

প্রথমার্ধে অবশ্য মরক্কো ছিল সাদামাটা। দ্বিতীয়ার্ধের কৌশল বদলে দলটির আক্রমণের ধার বাড়ে। ৫০তম মিনিটে উনায়ির লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। ৮২তম মিনিটে এই মিডফিল্ডারই ব্যবধান করেন দ্বিগুণ। দলটির কোচ ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জানালেন উচ্ছ্বাস।

“আমরা আমাদের কৌশল বদলেছিলাম। এখন উনায়ি মাঠের উপরের দিকে খেলছে। অ্যাটাকিং থার্ডে তাকে আরও বেশি খেলতে হবে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং গতি ও রক্ষণ ভেদ করে যাওয়ার সামর্থ্য দিয়ে সে প্রতিপক্ষের চাপ সামলাতে পারে।”

“প্রথমার্ধ ভীষণ তীব্র ছিল, দ্বিতীয়ার্ধে আমাদের কিছু রদবদল করতে হয়েছিল। বিরতির সময় ছেলেদের কিছু ভিডিও দেখিয়েছিলাম এবং এরপর, আমরা অনেক বেশি নিয়ন্ত্রণ পেয়েছিলাম ম্যাচের।”

ভিডিওতে কি দেখিয়েছিলেন কিংবা কৌশলের বদল নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি ওয়াহ্‌বি। তবে, বিশ্বকাপে সর্বোচ্চ লক্ষ্য পূরণে সামর্থ্যের সব শক্তি দিয়ে দল ছুটবে, দৃঢ় কণ্ঠে বললেন তিনি।

“যে বিষয়ে বললাম, তার বিস্তারিত ব্যাখ্যায় যাব না। কেননা, আমাদের এখনও কিছু ম্যাচ খেলার বাকি আছে। আমরা আমাদের খেলার বৈশিষ্ট বা দর্শন বদলায়নি; প্রতিপক্ষের চাপ আটকাতে মাঝমাঠ এবং বোনোকে (গোলকিপার ইয়াসিন) কাজে লাগাতে হয়েছিল।

“যখন লোকে বলে মরক্কো আসল দাবিদার এবং বড় ফুটবল জাতি, তখন এটা আমাদের জন্য ভীষণ গর্বের উৎস। আমরা এগিয়ে যেতে চাই। থামতে চাই না। একই আকাঙ্ক্ষা এবং একই লক্ষ্য (শিরোপা জয়ের) ধরে রাখব আমরা।”

কানাডার বিপক্ষে জয়ের ম্যাচে মরক্কোর দুর্ভাবনা বাড়িয়েছে গুরুত্বপূর্ণ স্ট্রাইকার ইসমায়েল সাইবারির প্রথমার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়া। কোচ নিশ্চিত করে বলতে পারলেন না, সাইবারির চোট কতটা গুরুতর।

“ডাক্তারের সাথে এখনও কথা বলার সুযোগ হয়নি আমার। সাইবারির ঊরুতে ব্যথা আছে। আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানতে পারব আমরা।”