২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাফিনিয়া ও ইয়ামালের গোলে জয়ে বছর শেষ বার্সেলোনার

১০ জনের ভিয়ারেয়ালকে হারিয়ে রেয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

রাফিনিয়া ও ইয়ামালের গোলে জয়ে বছর শেষ বার্সেলোনার
বার্সেলোনাকে এগিয়ে নেওয়া গোলের পর রাফিনিয়ার উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও দারুণ লড়াই করল ভিয়ারেয়াল। তবে হোয়ান গার্সিয়ার দেয়াল ভাঙতে পারল না তারা। দুই অর্ধের দুই গোলে জিতে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। ৫০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে ভিয়ারেয়াল।

প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। বিরতির পর ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল।

বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়ে রাখল বার্সেলোনা। লিগে টানা অষ্টম জয় পেল কাতালান দলটি।

১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

৩৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে তিনে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ভিয়ারেয়াল চার নম্বরে আছে। 

ম্যাচে ২০ শতাংশের একটু বেশি পজেশন রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে ভিয়ারেয়াল। বার্সেলোনার ১৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।

শুরুতে ছন্দ পেতে একটু সময় লাগে বার্সেলোনার। প্রথম ৯ মিনিটে কয়েকটি সুযোগ পায় ভিয়ারেয়াল। কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি নিকোলাস পেপে। আয়োসে পেরেসের নিচু শট ঠেকান গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

দশম মিনিটে রাফিনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পঞ্চদশ মিনিটে আরেকটি গোল পেতে পারতেন রাফিনিয়া। কিন্তু বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরাল শট ক্রসবারে লাগে।

দুই মিনিট পর প্রতিপক্ষের শট ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালেই বল পাঠিয়ে দেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে থেমে যায় ভিয়ারেয়ালের উদযাপন।

৩৬তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ভুলে বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। বক্সে ব্যাক-পাসের চেষ্টায় ঠিকমতো পারেননি তিনি। বল পেয়ে ভিয়ারেয়ালের বুকাননের নেওয়া শট পা দিয়ে ঠেকান গার্সিয়া।

প্রথমার্ধে বার্সেলোনা আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ৩৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় ভিয়ারেয়াল। ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার রেনাতো ভেইগা।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় বার্সেলোনা। ৫৭তম মিনিটে ফের্মিন লোপেসের শট ব্যর্থ করে দেন ভিয়ারেয়াল গোলরক্ষক। 

৬২তম মিনিটে ফেররান তরেস ও ফের্মিন লোপেসকে তুলে রবের্ত লেভানদোভস্কি ও মার্কাস র‍্যাশফোর্ডকে নামান বার্সেলোনা কোচ। পরের মিনিটেই ব্যবধান বাড়ান ইয়ামাল।

বক্সে কাছ থেকে লেভানদোভস্কির শট ব্লকড হওয়ার পর ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে প্রতিপক্ষের খেলোয়াড়ের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ইয়ামাল।

এই মৌসুমে লা লিগায় তরুণ স্প্যানিশ তারকার সপ্তম গোল এটি।

৬৮তম মিনিটে কাছ থেকে রাফা মারিনের শট অবিশ্বাস্যভাবে হাত বাড়িয়ে ঠেকান গার্সিয়া। যদিও পরক্ষণেই অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৬তম মিনিটে ডাবল সেভে জাল অক্ষত রাখেন স্প্যানিশ গোলরক্ষক।

৭৯তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার কুন্দে। তার বদলি নামেন মার্ক কাসাদো।

শেষ দিকে স্কোরশিটে নাম তোলার দারুণ একটি সুযোগ পান র‍্যাশফোর্ড। ডি ইয়ংয়ের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে নিচু শট নেন ইংলিশ ফরোয়ার্ড, তবে শটে জোর ছিল না খুব একটা, গোললাইন থেকে ক্লিয়ার করেন ভিয়ারেয়ালের এক ডিফেন্ডার।

আগামী ৩ জানুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সেলোনা।