তেতে থাকা তুরস্কের বিপক্ষে নেদারল্যান্ডসের অগ্নিপরীক্ষা
কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হাকান কালহানোগলুকে পাওয়া তুরস্ককে করছে আরও বেশি উজ্জীবিত।
‘অস্ট্রিয়া ম্যাচে শিক্ষা পেয়েছি’, গ্রুপ পর্বের হারের স্মৃতি আওড়ে বললেন নেদারল্যান্ডস ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। অন্যদিকে, ওই অস্ট্রিয়াকেই শেষ ষোলোয় হারিয়ে তুরস্ক পেয়ে গেছে আরও উজ্জীবিত হওয়ার উপলক্ষ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তেতে থাকা তুর্কিদের কোয়ার্টার-ফাইনালের লড়াই তাই নেদারল্যান্ডসের জন্য অগ্নিপরীক্ষাই।
বার্লিনে আগামী শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটের মঞ্চে এসেছে নেদারল্যান্ডস। আর অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক উপহার দিয়ে কোয়ার্টার-ফাইনালে এসেছে তুরস্ক।
তুরস্ক ম্যাচের আগে ডাচ শিবিরে ঘুরেফিরে আসছে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচটি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামেই পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ডাচরা হেরেছিল ৩-২ ব্যবধানে। গ্রুপ পর্বে সেটিই ছিল নেদারল্যান্ডসের প্রথম হার। সেই তেতো স্মৃতির প্রসঙ্গ পেড়ে ডামফ্রিস বললেন, শিক্ষা পেয়েছেন তারা।
“অস্ট্রিয়া ম্যাচে আমরা শিক্ষা পেয়েছিলাম। এ নিয়ে গত সপ্তাহে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি, আমরা খুবই ভালো খেলেছিলাম, বিশেষ করে প্রতিপক্ষকে চাপ দেওয়ার ক্ষেত্রে, বল পজেশন ধরে রাখার ক্ষেত্রে।”
রোমানিয়ার বিপক্ষেও বল পজেশন ধরে রেখে খেলার ছকে ছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, অস্ট্রিয়ার পায়ে বল দিয়ে প্রতি-আক্রমণের ছকে বাজিমাত করে তুরস্ক। ডাচদের বিপক্ষে তুরস্ক কোচ কোন ছকে থাকবেন, তা আগেভাগে বলা কঠিন।
এ ম্যাচে তুরস্ক কার্ডের কারণে নিষিদ্ধ ওরকুন ককচু এবং ইসমায়েল ইউকসেককে পাচ্ছে না। তবে দলটির স্বস্তি বাড়িয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক হাকান কালহানোগলুর ফেরা।
তুরস্কের জন্য আরেকটি ইতিবাচক দিক, জার্মানিতে থাকা প্রবাসী তুর্কি সমর্থকরা। অস্ট্রিয়া ম্যাচের পর লাইপজিগে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিল তারা। বলার অপেক্ষা রাখে না, বার্লিনের গ্যালারি মাতাতেও উপস্থিত থাকবেন তারা। গণমাধ্যমে খবর এসেছে, দলকে অনুপ্রাণিত করতে মাঠে আসার পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও।
ইউরোর সাবেক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে নিয়ে তুরস্কের তুলনায় যেন মাতামাতি কম। ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর ডাচরা অবশ্য আধিপত্য ধরে রাখতে পারেনি পরের আসরগুলোয়। ২০০৪ সালে সবশেষ সেমি-ফাইনালে খেলেছিল তারা। চার বছর পরের আসরে সবশেষ কোয়ার্টার-ফাইনালে থেমেছিল তাদের পথচলা; ওই আসরেই তুরস্ক প্রথমবারের মতো পায় সেমি-ফাইনালে খেলার স্বাদ।
১৬ বছর আগের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনার তাড়নায় তুরস্ক তেতে আছে আরও। কোচ ভিনসেনজো মন্তেল্লা অস্ট্রিয়া ম্যাচের পরই বলেছিলেন, দলের পথচলায় গর্বিত তিনি। নিশ্চিতভাবেই আরও পাওয়ার তাগিদ আছে এই ইতালিয়ান কোচের।
“অনেক মানুষ আমাদের অনুসরণ করছে। তুরস্কে ফুটবলের প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা, তা আসলেই দৃশ্যমান। তুরস্ককে কিছুটা গর্বিত করতে পেরে খুবই খুশি আমি।”
