৯ গোলের পাগলাটে ম্যাচের পর উত্তর খুঁজে পাচ্ছেন না গুয়ার্দিওলা
অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে ৫-১ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত কোনেরকমে রক্ষা পেয়েছে ম্যানচেস্টার সিটি।
১৮ বছরের কোচিং ক্যারিয়ার। হাজারের বেশি ম্যাচ। কত নাটকীয়, কত রোমাঞ্চকর ম্যাচের অভিজ্ঞতাই তো হয়েছে পেপ গুয়ার্দিওলার। তার পরও কত চমক জমা রেখেছে ফুটবল, সেটির প্রমাণ তিনি আরেকবার পেলেন। ফুলহ্যামের বিপক্ষে অবিশ্বাস্য উত্তেজনার ম্যাচটির বাঁকে বাঁকে ম্যানচেস্টার সিটি কোচের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল সবকিছু। ম্যাচের পরও বিস্ময়ের রেশ নিয়ে তিনি বললেন, এরকম ম্যাচের ব্যাখ্যা তার কাছে নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে মঙ্গলবার ফুলহ্যামের মাঠে ৫৬ মিনিট পর্যন্ত ৫-১ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরলাইন ৫-৪ বানিয়ে ফেলে ফুলহ্যাম। নির্ধারিত সময়ের তখনও ১২ মিনিট বাকি, যোগ করা সময় তো ছিলই।
শেষ পর্যন্ত আর গোল হয়নি। জয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে সিটি।
ম্যাচের ১৭তম মিনিটে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন আর্লিং হলান্ড। কিন্তু তার দারুণ এই কীর্তি পরে চাপা পড়ে যায় ম্যাচের মহানাটকীয়তায়।
ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গুয়ার্দিওলা নিজেই প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা উপভোগ করেছেন? আমি? অসম্ভব…!”
সিটি কোচ পরে বললেন, প্রিমিয়ার লিগে শেষ কথা বলে কিছু নেই।
“এটা প্রিমিয়ার লিগ… এখানে কিছু নিয়ন্ত্রণ করা কঠিন… এটা প্রিমিয়ার লিগ। আমি জানি, আপনারা জিজ্ঞেস করবেন, ম্যাচে কী হয়েছিল। কিন্তু আমার কোনো উত্তর নেই।”
শেষ দিকে ফুলহ্যাম দারুণ কিছু আক্রমণ করেছিল। কিন্তু ম্যানচেস্টার সিটি উতরে গিয়েছে শেষের ওই চ্যালেঞ্জে। ম্যাচের বেশির ভাগ সময় দাপট দেখিয়েও পরে পথ হারানোয় তার দলের তিকে আঙুল উঠছে, তিনি জানেন তা। তবে বাস্তবতা জানেন বলেই শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়ে খুশি কোচ।
“এটা ফুটবল, এটা আবেগ। আপনারা আঙুল পারেন যে, ‘এটা কেন করা হলো, ওটা কেন করা হলো?’ কিন্তু আমি আপনাদেরকে বলছি, আজকে আমরা অবিশ্বাস্য কাজ করেছি। অসাধারণ করেছি… কারণ আমি জানি, ওরা কতটা কঠিন দল।”
“আমরা ভালো খেলেছি, গোলগুলি করেছি। আর্লিংয়ের সুযোগ ছিল ৬-৩ করে ফেলার। একটু পরই ৫-৪ হয়ে যায়। এরপর যা হয়েছে, তা ছিল স্রেফ টিকে থাকার লড়াই। জানতে চাইবেন না আমরা কীভাবে পারলাম। ফুটবলাররাও জানে না কীভাবে পেরেছে। তবে যা হয়েছে শেষ পর্যন্ত, আমরা গ্রহণ করে নিচ্ছি।”
এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। ম্যাচ যদিও তারা বেশি খেলেছে একটি। বুধবারের ম্যাচ জিতলে আবার ব্যবধান পাঁচে নিয়ে যাবে আর্সেনাল। তবে শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকার প্রতিজ্ঞা ফুটে উঠল গুয়ার্দিওলার কণ্ঠে।
“আর্সেনাল খুবই শক্তিশালী ও আঁটসাঁট। আমি জানি, আমাদের কাজটা কী। অবশ্যই আমাদের কাজটা কঠিন হবে। তবে প্রিমিয়ার লিগ অনেক লম্বা পথ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই অনেক অনেক লম্বা করে তোলার চেষ্টার করার মতো অভিজ্ঞতা আমার আছে।”
