Published : 10 Sep 2026, 03:22 AM
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল আন্দোনি ইরাওলার দল।
প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি।
অ্যানফিল্ডে মার্কোস ইয়োরেন্তের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন দমিনিক সোবোসলাই। দ্বিতীয়ার্ধের শুরুতে চোখধাঁধানো এক গোলে ব্যবধান গড়ে দেন আলেক্সিস মাক আলিস্তের।
প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত লিভারপুল। সোবোসলাইয়ের পাস ডি-বক্সের ভেতর ডান দিকে পান আলেকসান্দার ইসাক, কিন্তু বাইরে মেরে সুযোগ হারান এই সুইডিশ স্ট্রাইকার।
পরবর্তী সময়ে আতলেতিকো বেশ বিপজ্জনক হয়ে ওঠে। পঞ্চম মিনিটে হুলিয়ান আলভারেসের একটি শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
১৭তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। আলভারেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইয়োরেন্তে।
কদিন আগে আচমকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া স্পেনের ৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের চ্যাম্পিয়ন্স লিগে গোল হলো ১০টি, যার পাঁচটিই লিভারপুলের বিপক্ষে এবং সবকটি অ্যানফিল্ডে।
গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল এবং ৪০তম মিনিটে গোলের দেখা পায় তারা।
প্রাথমিকভাবে বাহডলে বাহকোলার শট ঠেকিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। পরক্ষণে আবার বল নিয়ে বক্সে ঢুকে পড়ে স্বাগতিকরা। রোনাল্দ আরাউহোর বুদ্ধিদীপ্ত চমৎকার ব্যাক-হিল ফ্লিকে বল পেয়ে জালে পাঠান সোবোসলাই।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত লিভারপুল। ফ্লোহিয়ান ভিয়েৎসের চমৎকার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাহকোলার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
পরের মিনিটেই দ্বিতীয় গোল পায় লিভারপুল। বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন মাক আলিস্তের।
ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় ম্যাচের আগের দিন খারাপ লাগার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
শেষ দিকে ইয়েরেমি ফ্রিমপং আতলেতিকোর জালে বল পাঠালেও, তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।
নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আর্সেনালের