১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগেও গোল উৎসবে শুরু বার্সেলোনার

নতুন মৌসুমে যেন সত্যিকারের গোলমেশিন হয়ে উঠেছেন বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া।

চ্যাম্পিয়ন্স লিগেও গোল উৎসবে শুরু বার্সেলোনার
দারুণ নৈপুণ্যে শুরতেই দলকে এগিয়ে নেওয়া হাফিনিয়াকে (ডান থেকে দ্বিতীয়) ঘিরে বার্সেলোনার উল্লাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 03:27 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

মাঠে নামলেই যেন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পণ করেছে বার্সেলোনা। আর তাদের এই দাপুটে পথচলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাফিনিয়া। এবার চ্যাম্পিয়ন্স লিগে দলটির গোলবন্যায় ভেসে গেল ফাইনর্ট। 

কাম্প নউয়ে বুধবার নতুন আসরে যাত্রা শুরুর ম্যাচে ডাচ ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন অধিনায়ক হাফিনিয়া। তাদের অন্য তিন গোলদাতা কারিম আডেইয়েমি, লামিন ইয়ামাল ও গাব্রিয়েল জেসুস।

পুরো ম্যাচে কখনোই কোনো আশা জাগাতে পারেনি ফাইনর্ট। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে, ৭০ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা ২৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। ফাইনর্টের চার শটের মাত্র দুটিই লক্ষ্যে ছিল।   

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই পাঁচটি করে গোল করল বার্সেলোনা। এই পাঁচ ম্যাচে তাদের মোট গোল হলো ২২টি, বিপরীতে তাদের জালে বল গেছে মাত্র তিনবার!

মুষলধারে বৃষ্টির মাঝে ম্যাচ শুরু হতেই হাফিনিয়ার চমৎকার নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় ইয়ামাল বাড়ান হাফিনিয়াকে, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একজনের চ্যালেঞ্জের মুখে নিখুঁত টোকায় বল সামনে বাড়ান, এরপর ডি-বক্সে অসাধারণভাবে দুইজনকে ফাঁকি দিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

মৌসুমে সব মিলিয়ে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন হাফিনিয়া। লা লিগায় প্রথম চার রাউন্ডে তার গোল ছয়টি।

একচেটিয়া চাপ ধরে রেখে ২২তম মিনিটে আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। বাঁ দিকে জুয়াও কান্সেলোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন আডেইয়েমি, বল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

২৪তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য একটা আক্রমণ করে সফরকারীরা। ডাচ মিডফিল্ডার জেখিলের হাফ ভলিটি যদিও পোস্টের বাইরে দিয়ে যায়। কিছুক্ষণ পর আবার তাদের রক্ষণে আবার হানা দেয় বার্সেলোনা; ডানদিক থেকে কিছুটা আড়াআড়ি গিয়ে ইয়ামালের ট্রেডমার্ক বাঁকানো শট দূরের পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যায়। 

৫৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হাফিনিয়া। পেদ্রির থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে মৌসুমে নিজের অষ্টম গোলটি করেন এই তারকা।

দুই মিনিট পরেই অন্য পাশে জালে বল পাঠিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় ফাইনর্ট। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ডাচ ক্লাবটির ঘুরে দাঁড়ানোর আশাতেও ধাক্কা লাগে।

হ্যাটট্রিকের সম্ভাবনায় থাকা হাফিনিয়াকে ৭১তম মিনিটে তুলে নেন কোচ, বদলি নামান ফের্মিন লোপেসকে। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দারুণ একটি সুযোগ তৈরি করেন এই স্প্যানিয়ার্ড, তবে তার জোরাল শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক।

৭৭তম মিনিটে প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন ইয়ামাল। ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় তারা। তরুণ তারকার শট দুর্বল রক্ষণ দেয়ালের ফাঁক গলে জালে জড়ায়।

৮২তম মিনিটে ফাইনর্টের সান্ত্বনাসূচক গোলটি করেন সেম স্টেন। কাছ থেকে বল জালে পাঠান তিনি।

যদিও তিন মিনিট পরই আবার গোল হজম করে তারা। দুই মিনিট আগেই দানি ওলমোর বদলি নামা জেসুস ডান দিক থেকে ইয়ামালের বাড়ানো ক্রসে লক্ষ্যের দিকে না তাকিয়েই হেডে ঠিকানা খুঁজে নেন। 

গত মঙ্গলবার আর্সেনাল ছেড়ে আসা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন। গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে শেষ সময়ে বদলি নেমে কাতালান ক্লাবটির জার্সিতে অভিষেক হয় তার।

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আর্সেনালের

ঘুরে দাঁড়িয়ে আতলেতিকোকে হারাল লিভারপুল

তরেসের হ‍্যাটট্রিক ও দেম্বেলের জোড়া গোলে পিএসজির বড় জয়