১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আর্সেনালের

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয়ের ধারায় আছে মিকেল আর্তেতার দল।

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আর্সেনালের
ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 03:25 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

আক্রমণে সেরাটা মেলে ধরতে না পারলেও, চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে আর্সেনাল। মার্টিন ওদেগোরের নৈপুণ্যে নাপোলিকে হারিয়েছে মিকেল আর্তেতার দল। 

প্রতিপক্ষের মাঠে বুধবার ইংলিশ চ্যাম্পিয়নদের জয় ১-০ গোলে।

বেশিরভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে আর্সেনাল। যদিও তাদের বেশিরভাগ আক্রমণের শেষটা ভালো ছিল না। তাইতো, গোলের জন্য মোট ২৬ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারলেও, বল জালে যায় একবারই। নাপোলির পাঁচ শটের তিনটি লক্ষ্যে ছিল।

প্রথম ১৫ মিনিটে দুই দল একটি করে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে। তবে দুটি প্রচেষ্টাই যায় গোলরক্ষক বরাবর। বুকায়ো সাকার বাইসাইকেল অনায়াসেই ধরেন নাপোলির আলেক্স মেরেত। আর কেভিন ডে ব্রুইনের বুলেট গতির শট সোজাসুজি থাকায় গ্লাভসে জমান দাভিদ রায়া।

২২তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু কাছ থেকে এবারের বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো জোরাল হেড করলেও, তা গোলরক্ষকের নাগালের বাইরে নিতে পারেননি। বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান মেরেত।

প্রথমার্ধের সেরা সুযোগটি ৪৫তম মিনিটে পায় আর্সেনাল। অধিনায়ক ওদেগোর নিখুঁত পাস বাড়ান সাকাকে। এই ইংলিশ ফরোয়ার্ড ডি-বক্সে এক প্রতিপক্ষকে বাধা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে ১০ গজ দূর থেকে শট নেন, কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

প্রতিপক্ষকে চাপে রাখলেও প্রতিবার আক্রমণের শেষে গিয়ে খেই হারাচ্ছিল আর্সেনাল। ৭৫তম মিনিটে অবশেষে ওদেগোরের নৈপুণ্যে এগিয়ে যায় তারা। ক্রিস্তস জলিসের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন নরওয়ের তারকা, বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে জড়ায়।

৮৫তম মিনিটে কাই হাভার্টজের পাস ধরে গোলরক্ষককে একা পান মাদুয়েকে, তবুও গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন। এরপরও সুযোগ ছিল, ফিরতি বল কোনোমতে ধরে জলিসকে বাড়ান তিনি; কিন্তু গ্রিক উইঙ্গারও প্রতিপক্ষের গায়ে মেরে হতাশ করেন।  

দুই মিনিট পর সমতা টানার পরিষ্কার সুযোগ পান ডে ব্রুইনে; কিন্তু দারুণ পজিশন থেকেও শট না নিয়ে ডান দিকে সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন, তাতে আর সাফল্য মেলেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারল নাপোলি।

ঘুরে দাঁড়িয়ে আতলেতিকোকে হারাল লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগেও গোল উৎসবে শুরু বার্সেলোনার

তরেসের হ‍্যাটট্রিক ও দেম্বেলের জোড়া গোলে পিএসজির বড় জয়