চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ম্যাচে ওলমোকে পাবে না বার্সা
পেশির চোটে ভুগছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে ধাক্কা হয়ে এলো দানি ওলমোর চোট। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে স্প্যানিশ উইঙ্গারকে পাবে না কাতালান ক্লাবটি।
বার্সেলোনা রোববার বিবৃতি দিয়ে বেনফিকা ম্যাচ থেকে ওলমোর ছিটকে পড়ার কথা জানিয়েছে।
পেশির চোটে ভুগছেন ওলমো। লা লিগায় শনিবার গেতাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ১-১ ড্র হওয়া ম্যাচে খেলেন ২৮ মিনিট।
ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ওলমো ডান পায়ের নিচের দিকের পেশিতে অস্বস্তির কথা বলেন। এরপর পরীক্ষা করানো হলে স্ট্রেইন ধরা পড়ে।
চলতি মৌসুমে আরেকবার পেশির চোটে পড়েছিলেন ওলমো। যে কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ওলমো। সতীর্থদের তিনটি গোলে রেখেছেন অবদান।
আগামী মঙ্গলবার বেনফিকার মাঠে খেলবে বার্সেলোনা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হান্সি ফ্লিকের দল।
