সবচেয়ে বেশি শট রোনালদোর, ফিনিশিংয়ে এগিয়ে জার্মানি
গোলের জন্য পাঁচটি শট করেও স্কোরশিটে নাম তুলতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো।
কখনও গোল উৎসব, আবার কখনও জমাট রক্ষণে গোলের জন্য সংগ্রাম, কিছু ম্যাচে অপ্রত্যাশিত গোল অথবা রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক- সব কিছু মিলিয়েই শেষ হয়েছে ইউরো ২০২৪ এর ‘প্রথম ম্যাচ ডে।’
পরিসংখ্যানের বিচারে নিজেদের প্রথম ম্যাচে বাকিদের চেয়ে এগিয়ে জার্মানি। সবার চেয়ে বেশি গোল করেছে স্বাগতিকরা। সুযোগও সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে তারা। আর গোলের জন্য সবচেয়ে বেশি শট নিয়েও সফল হননি পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
একনজরে দেখে নেওয়া যাক প্রথম ম্যাচ ডে শেষে সব পরিসংখ্যান:
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জেতা ম্যাচে রোনালদো গোলের জন্য পাঁচটি শট নিয়ে ৩টি রাখেন লক্ষ্যে। কিন্তু একটিতেও পাননি গোলের দেখা। ফ্রান্সের মার্কাস থুরাম, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ডেনমার্কের ক্রিস্তিয়ান এরিকসেনও পাঁচ শট করে বল জালে জড়াতে পারেননি।
এখন পর্যন্ত গোল হয়েছে মোট ৩৪টি, এর ৬টি ম্যাচের প্রথম ১৫ মিনিটে। প্রথম আধঘণ্টায় গোলের সংখ্যা ১৪টি। আর ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর এরই মধ্যে দেখা গেছে ৪টি গোল।
প্রতি ৩২ মিনিটে একটি করে গোল হয়েছে। অংশগ্রহণকারী ২৪ দলের মধ্যে শুধু ৫টি দল নিজেদের প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি।
ইতালির বিপক্ষে মাত্র ২৩ সেকেন্ডে বল জালে জড়িয়ে ইউরোর ইতিহাসের দ্রুততম গোলটি করেন আলবেনিয়ার নেদিম বাইরামি।
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারানোর ম্যাচে ৬৯ শতাংশ সময়ে পর্তুগালের নিয়ন্ত্রণে ছিল বল। জার্মানি ৬৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল।
প্রথম ম্যাচে জার্মানির ৯৪ শতাংশ পাস ছিল নিখুঁত। ২১ বছর বয়সী জামাল মুসিয়ালা ৩৩ পাসের সবকটি দেন সতীর্থ ফুটবলারের পায়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে ২০টি ট্যাকল করে সার্বিয়া। এছাড়া জর্জিয়ার বিপক্ষে ২০টি ট্যাকল করে তুরস্কও।
রোমানিয়ার ফরোয়ার্ড ডেনিস মান ও নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে নিজেদের প্রথম ম্যাচে করেন দুটি করে অ্যাসিস্ট।
প্রথম ম্যাচে গোলের জন্য সবচেয়ে বেশি ২২টি শট করে তুরস্ক। তাদের চেয়ে একটি কম শট নেয় নেদারল্যান্ডস।
চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক জিন্দরিচ স্তানেক সবচেয়ে বেশি ৭টি শট ঠেকান। নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ফেরব্রুহেন ভারবুগেন থামান ৬টি শট।
চার জন ফুটবলার ঘণ্টায় ৩৫ কিলোমিটারের বেশি বেগে দৌড়ান। সবচেয়ে দ্রুততম ছিলেন রোমানিয়ার ফরোয়ার্ড ভ্যালেন্তিন মিহালিয়া, ৩৫.৯ কিমি প্রতি ঘণ্টা। এছাড়া ৩৫ কিমি ছোঁয়া অন্য তিন জেরেমি ডোকু, গাসমুস হয়লুন ও কিলিয়ান এমবাপে।
ম্যাচে সবচেয়ে বেশি ১৩.৯ কিলোমিটার দূরত্ব কভার করেন সার্বিয়ার মিডফিল্ডা সের্গেই মিলিনকোভিচ-সাভিচ।
