Published : 22 Apr 2026, 08:50 PM
ফুটবল তারকা জুড বেলিংহ্যাম যুক্ত হলেন ক্রিকেটে। বার্মিংহ্যাম ফিনিক্সের ১.২ শতাংশের মালিকানা কিনেছেন রেয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। দা হান্ড্রেডের এই দলে আছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
বেলিংহ্যাম মনে করেন, বার্মিংহ্যাম শহরের কাছে ঋণী তিনি। এই শহরের ঠিক বাইরে স্টারব্রিজে বেড়ে ওঠেন তিনি। হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজির মালিকানার ছোট্ট একটি অংশ কিনলেন তিনি, যার মূল্য ১০ লাখ পাউন্ডের কাছাকাছি।
বার্মিংহ্যাম সিটি দিয়ে পথচলা শুরু করেন বেলিংহ্যাম। তার ২২ নম্বর জার্সিকে ক্লাবটি পাঠিয়েছে অবসরে। এখানে আলো ছড়িয়ে তিনি যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে নিজেকে মেলে ধরে ২২ বছর বয়সী মিডফিল্ডার যোগ দেন ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদে। ২০২৪ সালে দলটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ইংল্যান্ড দলেও গুরুত্বপূর্ণ সদস্য তিনি, এখন পর্যন্ত খেলেছেন ৪৬ ম্যাচ।
বয়সভিত্তিক পর্যায়ে ওরস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে খেলা বেলিংহ্যামের কণ্ঠে স্পষ্ট নিজের শহরের প্রতি তার অনুরাগ।
“আমি বার্মিংহ্যামকে ভালোবাসি। আমার জন্য পুরো বার্মিংহ্যাম শহর যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটও ভালোবাসি, তাই যখন এতে যুক্ত হওয়ার সুযোগ পেলাম তখন আর দ্বিতীয়বার ভাবিনি। আমি এখানে যুক্ত হতে পেরে খুশি।”
“আমি মনে করি, এই শহরের কাছে আমি ঋণী। এই মুহূর্তে আমি ফুটবল নিয়ে যেমন ব্যস্ত তাতে কাজটা খুব কঠিন। তবে যদি আমার সাহায্য করার অন্য কোনো উপায় থাকে, তো আমি সেটা করতে চাই।”
গত বছর যে আটটি ফ্র্যাঞ্চাইজিকে বিক্রির উদ্যোগ নেওয়া হয় তার একটি এজবাস্টন ভিত্তিক বার্মিংহ্যাম ফিনিক্স। বেলিংহ্যামের সাবেক ক্লাব বার্মিংহ্যাম সিটির মালিকানায় থাকা যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট চার কোটি পাউন্ডের বিনিময়ে ফিনিক্সের ৪৯ শতাংশ মালিকানা কিনে নেয়। বাকি ৫১ শতাংশ ধরে রাখে ওয়ারউইকশায়ার।
দুই প্রতিষ্ঠান থেকে ০.৬ শতাংশ করে কিনে নিয়েছেন বেলিংহ্যাম। এতে ৫০.৪ শতাংশ মালিকানা নিয়ে নিয়ন্ত্রণ রয়ে গেছে ওয়ারউইকশায়ারের হাতে।