২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে 'গোল ও আরও বেশি কিছু’ দিতে চান ট্রান্সফার ফির রেকর্ড গড়া তারকা

অনেক দিনের টানাপোড়েনের পর অবশেষে চোখধাঁধানো অঙ্কের ট্রান্সফার ফিতে লিভারপুলে পাড়ি জমালেন সুইডিশ এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 12:22 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

“দীর্ঘ এক ভ্রমণ ছিল…”, আলেকসান্দার ইসাকের কথায় যেন হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি। নাহ, নিজের ক্যারিয়ার নিয়ে কিছু বলেননি তিনি। তবে গত কিছুদিনে তার দলবদল নিয়ে যে টানাপোড়েন আর অনিশ্চয়তা চলছিল, সময়টাকে তার খুব দীর্ঘ মনে হওয়ারই কথা। শেষ পর্যন্ত তার অপেক্ষার ফল মধুরই হয়েছে। ট্রান্সফার ফির ইতিহাস গড়ে লিভারপুলে নাম লিখিয়ে উচ্ছ্বসিত ফরোয়ার্ড বললেন, এই ক্লাবকে তার অনেক কিছুই দেওয়ার আছে।

বিভিন্ন সংবাদমাধ্যম হয়ে খবরটি ছড়িয়ে পড়েছিল আগেই। নানা প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো সোমবার। নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে পাড়ি জমালেন সুইডিশ স্ট্রাইকার। ২৫ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তিটি ছয় বছরের।

সংবাদমাধ্যমে আগের খবরে ১৩ কোটি পাউন্ড বলা হলেও শেষ পর্যন্ত ট্রান্সফার ফির আনুষ্ঠানিক অঙ্কটি সাড়ে ১২ কোটি পাউন্ড। সেটিও অনায়াসেই ব্রিটিশ রেকর্ড। 

২০২৩ সালে এন্সো ফের্নান্দেসকে ১০ কেটি ৭০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে দলে নিয়েছিল চেলসি। একই বছর বেনফিকা থেকে মোইসেস কাইসেদোকে চেলসি নিয়েছিল বিভিন্ন সংযুক্তসহ সাড়ে ১১ কোটি পাউন্ডে। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন ইসাক।

ক্লাব হিসেবে লিভারপুলও নিজেদের ইতিহাসে অনন্য নজির গড়ল ট্রান্সফার উইন্ডোতে। দলবদলের বাজারে বরাবরই পরিমিত হিসেবে পরিচিত ক্লাবটি এবার ধারা থেকে বেরিয়ে খরচ করে ফেলল প্রায় ৪৫ কোটি পাউন্ড! 

বায়ার লেভারকুজেন থেকে তারা এবার ১০ কোটি পাউন্ডে এনেছে ফ্লোহিয়ান ভিয়েৎসকে। নানা সংযুক্তি মিলিয়ে অঙ্কটা ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বলে ধারণা করা হচ্ছে। সেটিও ছাড়িয়ে গেল ইসাকের অঙ্ক। 

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ইসাককে দলে পেতে বেশ কিছু দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছিল লিভারপুল। তাদের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব কিছুদিন আগে প্রত্যাখ্যান করে দেয় নিউক্যাসল।

এর মধ্যে নিউক্যাসলের সঙ্গে ইসাকের সম্পর্ক শীতল থেকে শীতলতর হয়ে পড়ে। ক্লাবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন তিনি প্রকাশ্যেই। ক্লাব ছাড়ার ইচ্ছের কথাও জানিয়ে দেন। ক্লাবের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হলেও সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্য হয়ে পড়ে। কোচ এডি হাউ অবশ্য দলের সেরা স্ট্রাইকারকে রেখে দিতে মরিয়া ছিলেন। কিন্তু ইসাক যেভাবে ক্লাব ছাড়তে মুখিয়ে ছিলেন, দলবদলটা তাই অবশ্যম্ভাবীই ছিল। 

তবু ট্রান্সফার ফির সমঝোতা নিয়ে অনিশ্চয়তায় একদম শেষ দিন পর্যন্ত চলতে থাকে নাটকীয়তা। লিভারপুলে চুক্তি চূড়ান্ত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তাই স্বস্তিই ফুটে উঠল ইসাকের কথায়।

“এই আসার পথটা ছিল দীর্ঘ এক ভ্রমণ। তবে শেষ পর্যন্ত এই দল ও ক্লাবের অংশ হতে পেরে আমি ‘সুপার-হ্যাপি।’ এটা নিয়ে আমি সত্যিই গর্বিত ও দারুণভাবে মুখিয়ে আছি। খুব ভালো লাগছে যে সবকিছু ঠিকঠাক শেষ হয়েছে এবং এখন নিজের কাজে ফিরতে পারি।”

লিভারপুলে ইসাক পাচ্ছেন ৯ নম্বর জার্সি। 

দলের আক্রমণভাগের নেতা ও মূল ভরসা এখনও ক্লাবের কিংবদন্তি মোহামেদ সালাহ। নতুন আসা উগো একিটিকে শুরুটা দারুণ করেছেন। তবে লুইস দিয়াস ও দারউইন নুনেসের ক্লাব ছেড়ে যাওয়া ও দিয়োগো জটার দুঃখজনক প্রয়াণে আক্রমণভাগে আরও বিকল্প জরুরি ছিল ক্লাবটির জন্য। 

ইসাক সেখানে দারুণ এক পছন্দ নিশ্চিতভাবেই। ২০২২ সালে রেয়াল সোসিয়েদাদ থেকে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখেন তিনি। অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে ম্যাচ-সেরা হন। গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগে ২৩ গোল করে বড় ভূমিকা রাখেন নিউক্যাসলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাইয়ে দেওয়ায়। লিগ কাপ ফাইনালে লিভারপুলকে হারানোর পথেও গোল করেন তিনি, ৭০ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বাদ পায় নিউক্যাসল।

তার কাছে এমন গোল উৎসবই চাইবে লিভারপুল। তবে ইসাকের লক্ষ্যটা আরও বড়। 

“আমার মতে, এই ক্লাবকে অনেক কিছুই দেওয়ার আছে আমার। অনেক উন্নতি করারও বাকি আছে। যদিও আমি স্ট্রাইকার, তবে দলকে যতটা সম্ভব বেশি কিছু দিতে চাই। মূলত গোল করতে হবে তো বটেই, তবে দিতে চাই আরও বেশি কিছু।”

“এখানে সবকিছু জিততে চাই আমি… হ্যাঁ, সবকিছু…!”