বায়ার্ন থেকে ধারে টটেনহ্যামে পালিনিয়া
ফেলে আসা মৌসুমের হতাশা আর ব্যর্থতা মুছে আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ এখন এই মিডফিল্ডারের সামনে।
অনেক প্রত্যাশা নিয়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমালেও, সেখানে অভিষেক মৌসুমটা একদমই ভালো কাটেনি জোয়াও পালিনিয়ার। সেই হতাশা মুছে স্বরূপে ফেরার অভিযানে প্রিমিয়ার লিগে ফিরলেন পর্তুগিজ মিডফিল্ডার। তাকে ধারে দলে টানল টটেনহ্যাম হটস্পার।
গত বছর ফুলহ্যাম থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন পালিনিয়া। এক বছর পরই নতুন দলের জার্সিতে ইংলিশ ফুটবলে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
তাকে দলে নেওয়ার খবরটি সোমবার নিশ্চিত করেছে উভয় ক্লাব।
গত বছরের জুলাইয়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন পালিনিয়া। কিন্তু নানা কারণে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে যেমন বেশিরভাগ সময় বেঞ্চেই ছিলেন তিনি।
পালিনিয়াকে ২০২৩ সালেই দলে নেওয়ার জোর চেষ্টা করেছিল বায়ার্ন। তাকে পেতে খুব আগ্রহী ছিলেন ওই সময়ের বায়ার্ন কোচ টমাস টুখেল। কিন্তু শেষ মুহূর্তে ফুলহ্যামের সঙ্গে চুক্তির সম্ভাবনা ভেস্তে যায় মিউনিখের ক্লাবটির।
পরের বছর গণমাধ্যমের খবর মতে, পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে চুক্তিভুক্ত করে বায়ার্ন। কিন্তু দলটির নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির আস্থা অর্জন করতে পারেননি তিনি। চোট ও অসুস্থতায় ২০২৪-২৫ মৌসুমে দলের হয়ে মাত্র ২৫টি ম্যাচ খেলতে পারেন ৩০ বছর বয়সী এই ফুটবলার এবং এর কেবল ১০টিতেই ছিলেন শুরুর একাদশে। আর ক্লাব বিশ্বকাপে বায়ার্নের পাঁচ ম্যাচের চারটিতেই ছিলেন বেঞ্চে।
ফেলে আসা মৌসুমের সব হতাশা আর ব্যর্থতা মুছে আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ এখন পালিনিয়ার সামনে।
