পর্তুগালের যুব ফুটবলার ডাক পেলেন বেলজিয়াম দলে
পর্তুগাল, বেলজিয়াম ছাড়াও জার্মানি ও গিনি-বিসাউয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ ছিল ২০ বছর বয়সী এই ফুটবলারের সামনে।
বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন বেলজিয়াম ও পর্তুগালের হয়ে। আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য এই দুই দলের পাশাপাশি জার্মানি কিংবা গিনি-বিসাউকেও বেছে নেওয়ার সুযোগ ছিল দিয়েগো মোরেইরার সামনে। শেষ পর্যন্ত তিনি অগ্রাধিকার দিয়েছেন জন্মভূমিকে। ২০ বছর বয়সী এই লেফট-ব্যাককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসের দুটি ম্যাচের দল দিয়েছে বেলজিয়াম।
ফিফার থেকে মোরেইরা বেলজিয়ামের হয়ে খেলার অনুমতি পান সোমবার। পরদিন তাকে নিয়ে নর্থ মেসিডোনিয়া ও ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন বেলজিয়াম কোচ রুদি গার্সিয়া।
বেলজিয়ামের হয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে খেলেন মোরেইরা। পরে পর্তুগালের অনূর্ধ্ব ১৬, ১৮, ১৯, ২০ ও ২১ দলের হয়ে খেলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাকে বেলজিয়ামের হয়ে খেলার জন্য রাজি করান গার্সিয়া।
দিয়েগো মোরেইরার বাবা, সাবেক ফুটবলার আলমামি মোরেইরার জন্মভূমি গিনি-বিসাউ। তবে পর্তুগালের নাগরিকত্বও আছে তার। বয়সভিত্তিক ফুটবলে পর্তুগালের হয়ে খেলার পর আন্তর্জাতিক ফুটবলে গিনি-বিসাউয়ের হয়ে ৬টি ম্যাচ খেলেন আলমামি মোরেইরা।
মায়ের দিক থেকে দিয়েগো মোরেইরার নানা হেলমুট গ্রাফের জন্ম আবার জার্মানিতে, যিনি ১৯৭৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত খেলেন বেলজিয়ামের ক্লাবের হয়ে।
২০২০ সালে দিয়েগো মোরেইরার পেশাদার ক্যারিয়ার শুরু হয় লিসবনে, যেখানে তার বাবা থাকতেন। বেনফিকার ‘বি’ দল হয়ে মূল দলে সুযোগ পান ২০২২ সালে। পরের বছরের জুলাইয়ে তাকে দলে টানে ইংলিশ ক্লাব চেলসি। প্রিমিয়ার লিগের দলটির হয়ে স্রেফ একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি লিগ কাপে।
ওই বছরের সেপ্টেম্বরে তাকে ধারে পাঠানো হয় ফরাসি ক্লাব লিওঁতে। গত বছরের অগাস্টে আরেক ফরাসি ক্লাব স্ত্রাসবুরে যোগ দিয়ে এখনও সেখানেই আছেন মোরেইরা।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৬ জুন নর্থ মেসিডোনিয়ার মাঠে, তিন দিন পর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম।
