‘আমি হ্যারি পটার নই’, লিভারপুলের বিপক্ষে হেরে টেন হাগ
লিভারপুলের বিপক্ষে হার নিয়ে ভাবছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
দলের নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনকে লিভারপুলের বিপক্ষে পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুনদের নিয়ে লড়াইয়ে নেমে স্রেফ উড়ে যায় তারা। এমন হার নিয়ে অবশ্য ভাবছেন না এরিক টেন হাগ। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির কোচ বললেন, তিনি হ্যারি পটার নন যে জাদুর কাঠি ঘুরিয়ে মুহূর্তে সব ঠিক করে দেবেন।
গত মৌসুমের মতো এবারও খেলোয়াড়দের চোট সমস্যায় ভুগছে ইউনাইটেড। নিজের পছন্দের দল নিয়ে এখনও মাঠে নামতে পারেননি টেন হাগ। লিভারপুলের বিপক্ষেই যেমন শুরুর একাদশে তাকে খেলাতে হয়েছে কদিন আগে দলটিতে যোগ দেওয়া কয়েকজনকে।
ঘরের মাঠে ম্যাচ হলেও লিভারপুলের বিপক্ষে একদমই লড়াই করতে পারেনি ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে তাদেরকে ৩-০ গোলে হারায় অ্যানফিল্ডের ক্লাবটি। লুইস দিয়াসের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।
ম্যাচে প্রথমার্ধের পর ব্রাজিলিয়ান অভিজ্ঞ ফুটবলার কাসেমিরোকে তুলে নিতে বাধ্য হন টেন হাগ। একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তার দুটি ভুলেই বিরতির আগে দুই গোল করে লিভারপুল।
এবারের দলবদলে পিএসজি থেকে উরুগুয়ের মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে দলে টানে ইউনাইটেড। কিন্তু তাকে এখনও কোনো ম্যাচ খেলাননি টেন হাগ। তার মতে, নতুনদের মানিয়ে নিতে এখনও অনেক সময়ের দরকার।
হুট করেই সবকিছু চাওয়া মতো হয়ে যাবে না বলে মনে করেন ইউনাইটেড কোচ।
“বিষয়টা এমন নয় যে, আমি হ্যারি পটার। এটা আপনাকে স্বীকার করতেই হবে। তিন জন ছিল, যারা মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেলেছে।”
“মানুয়েল উগার্তে এক মিনিটও খেলেনি-তার ফিটনেস বাড়ানো দরকার। তারপর তাকে নিয়ে দল সাজাতে হবে। আমি নিশ্চিত, সে আমাদের দলে অবদান রাখবে। কয়েক সপ্তাহ সময় লাগবে, এমনকি এক মাসও লাগতে পারে। অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা একই রকম।”
এবারের লিগে শুরুটা একদমই ভালো হয়নি ইউনাইটেডের। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে তারা। ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আছে চতুর্দশ স্থানে। এমন বাজে শুরুর পরও দলের ওপর অগাধ আস্থা টেন হাগের। মৌসুম শেষে শিরোপা উঁচিয়ে ধরতে আত্মবিশ্বাসী তিনি।
“এটা মৌসুমে মাত্র তৃতীয় ম্যাচ, আমাদের নতুন দল গড়তে হবে। আমি অনেকবার এটা ব্যাখ্যা করেছি। আমরা তা তৈরি করব। দল গড়ার মতো আমাদের তরুণ খেলোয়াড় ও (অভিজ্ঞ) ফুটবলার আছে।”
“আমরা ভালো করব। এটা পরিষ্কার যে, আমাদের উন্নতি করতে হবে। তবে আমি আত্মবিশ্বাসী যে, মৌসুম শেষে আমাদের আরেকটি শিরোপা উঁচিয়ে ধরার বড় সুযোগ থাকবে।”
