Published : 06 Aug 2026, 10:46 PM
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ আনার দুই দিন পর বকেয়া অর্থ পেয়েছে জর্ডান।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলি বিন হুসেইন দাবি করেন, ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিনিময়ে জর্ডানের সমস্যা সমাধানে সাহায্যের প্রস্তাব দিয়েছিল ফিফা।
প্রিন্স আলি জানান, কাতারে অনুষ্ঠিত ২০২৫ সালের আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থের জন্যও দলটি গত ডিসেম্বর থেকে অপেক্ষা করছে। এক্সে এক বার্তায় ওই অর্থ পাওয়ার খবর জানান তিনি।
“গত ডিসেম্বরে কাতারে আরব কাপে অংশ নেওয়ার জন্য বকেয়া থাকা অর্থ আজ সকালে আমাদের খেলোয়াড় ও কোচদের পরিশোধ করায় ফিফার প্রশাসকদের ধন্যবাদ। এই অর্থ তাদের আট মাস আগে পাওয়ার কথা ছিল।”
এর আগে বিন হুসেইন অভিযোগ করেন, কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে অস্বীকৃতি জানানোর পর, বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাহায্য করবে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। এই অভিযোগগুলোর ব্যাপারে ফিফা কোনো মন্তব্য করেনি।
ফিফা বকেয়া অর্থ পরিশোধ করায় খুশি প্রিন্স আলি। তবে ফিফা নেতৃত্বের ব্যাপারে আগের অবস্থানেই থাকার কথা বলেন তিনি।
একটি নতুন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করে ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দেন ইনফান্তিনো। যা তীব্র সমালোচনার জন্ম দেয় এবং পরে তা প্রত্যাহার করা হয়। এই চুক্তির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা ছিল ফিফার।
এই প্রস্তাব উত্থাপন করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার শিকার ইনফান্তিনো। ফিফার অভ্যন্তর থেকেও ছিল কড়া সমালোচনা ছিল, যা আগামী মার্চে প্রেসিডেন্ট হিসেবে তার পুনঃনির্বাচন নিয়ে প্রশ্ন উচ্চকিত করে তোলে।
পরিস্থিতি সামাল দিতে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ভুলের জন্য মরক্কোতে বুধবার সংকটকালীন এক বৈঠকে সদস্যদের কাছে ক্ষমা চায় ফিফা।