২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির ভাবনায় বছরের ‘চার ইভেন্ট’

বিভিন্ন বয়সের ফুটবলারদের পাইপলাইন গড়ে তোলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির ভাবনায় বছরের ‘চার ইভেন্ট’
বছরের চারটি টুর্নামেন্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ বৈঠকে। ছবি: বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

এ বছর চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ। এই প্রতিযোগিতাগুলোতে ভালো ফল পেতে করণীয়সহ নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।

জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ নিশ্চিত করতে জরুরি পাইপলাইন তৈরি নিয়েও আলোচনা হয়েছে রোববার কমিটির ষষ্ঠ সভায়। বিভিন্ন বয়সের খেলোয়াড়দের পাইপলাইন গড়ার সিদ্ধান্ত হয়েছে বলেও সভা শেষে জানিয়েছে জাহেদী।

“২০২৬ সালে চারটা আন্তর্জাতিক ইভেন্টে আমরা অংশ নিব। মার্চের ২৩ থেকে ৩ এপ্রিলে মালদ্বীপে হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, এরপর ২৯ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, অনূর্ধ্ব-১৭ এরও দুটো ইভেন্ট রয়েছে। একটা হলো অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ ও নভেম্বরের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। এই চারটা ইভেন্টের প্রস্তুতি আমরা নিচ্ছি।”

“সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে, আমরা একটা পাইপলাইন গড়ে তুলব। সেটা হবে বয়সভিত্তিক। যেমন অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০। এগুলোকে আমরা যতদূর পারি ট্রেইন আপ করব এবং তাদের নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করব। যাতে করে তিন-চার বছরের মধ্যে আমরা যেন একটা শক্তিশালী জাতীয় দল গড়ে তুলতে পারি। আমাদের ডেভেলপমেন্ট কমিটির কাজটা হলো জাতীয় দলের উন্নতির জন্য একটা শক্তিশালী পাইপলাইন তৈরি করা। তো আমরা সেই হিসেবে একটা রোডম্যাপ প্রণয়ন করার কাজে হাত দিয়েছি।”

সারা দেশে ছড়িয়ে থাকা তিনশ’র বেশি একাডেমি নিয়ে ‘একাডেমি কাপ’ আয়োজনের বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন বাফুফের সহ-সভাপতির দায়িত্বে থাকা জাহেদী। এই টুর্নামেন্ট হবে ছেলে, মেয়ে-উভয়ের জন্য। এছাড়া তৃণমূলের ফুটবলের জন্য প্রতি মাসে একটা করে ‘ইভেন্ট’, স্কুলগুলো নিয়ে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

“আমরা স্কুল ফুটবলকে ২০২৬ সালে অত্যধিক গুরুত্ব দিচ্ছি এবং এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথেও আমাদের কথা হয়েছে। আগামী এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এ ব্যাপারে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিব। যাতে স্কুলগুলোকে আমরা আমাদের এই ফুটবল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করতে পারি। এখানে মন্ত্রণালয় ও স্পোর্টস মিনিস্ট্রিও আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।”