২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে ‘ওজন বাড়লে’ পরের ম্যাচে বাদ, খেলোয়াড়দের গুয়ার্দিওলার সতর্কবার্তা

বড়দিনের ছুটি থেকে ফেরার পর খেলোয়াড়দের ওজন মেপে দেখা হবে বলে জানালেন ম্যানচেস্টার সিটি কোচ।

ছুটিতে ‘ওজন বাড়লে’ পরের ম্যাচে বাদ, খেলোয়াড়দের গুয়ার্দিওলার সতর্কবার্তা
ডায়েটের ব্যাপারে সবসময়ই কঠোর হিসেবে পরিচিত পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 06:46 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বড়দিনের ছুটি কাটাতে ফুটবল থেকে তিন দিন দূরে থাকবে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, ফেরার পর কারো ওজন বেড়ে গেলে আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তাকে খেলানো হবে না।

সোমবার থেকে সিটির খেলোয়াড়দের তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। ডায়েটের ব্যাপারে সবসময়ই কঠোর হিসেবে পরিচিত গুয়ার্দিওলা বললেন, কেউ যেন এক্ষেত্রে নিয়ম লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক থাকবেন তারা। 

“প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট ওজন থাকে। তারা ২৫ তারিখে ফিরে আসবে এবং কত কেজি বাড়ল তা নিয়ন্ত্রণ করার জন্য, তারা মোটা হলো কি-না, (তা দেখার জন্য) আমি সেখানে থাকব।”

“তিন দিন পর তারা আসার মুহূর্তে আমি দেখতে চাই, তারা কীভাবে ফিরে আসে। তারা খেতে পারে, কিন্তু আমি তাদের নিয়ন্ত্রণ করতে চাই। ২৭ তারিখে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে দল নির্বাচন করতে হবে আমাকে। কল্পনা করুন, একজন খেলোয়াড় এখন নিখুঁত; কিন্তু সে আরও তিন কিলো (ওজন বেশি) নিয়ে এলো, তাহলে সে ম্যানচেস্টারেই থাকবে, সে নটিংহ্যাম ফরেস্টে যাবে না।”

সবশেষ ম্যাচে গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় সিটি। তবে দলের পারফরম্যান্সে খুব বেশি সন্তুষ্ট ছিলেন না গুয়ার্দিওলা। ম্যাচের পর খেলোয়াড়দের আরও উন্নতির তাগিদ দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।