২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে এমবাপের শরীরে ফের চোটের ছোবল

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

বিশ্বকাপের আগে এমবাপের শরীরে ফের চোটের ছোবল
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

হাঁটুর সমস্যা কাটিয়ে কিলিয়ান এমবাপের মাঠে ফেরার বেশিদিন হয়নি। আবারও চোট ছোবল দিয়েছে রেয়াল মাদ্রিদের ফরাসি তারকার শরীরে। তাতে মৌসুমের বাকি অংশে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

২৭ বছর বয়সী এমবাপের চোট পাওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ। মাঠে ফিরতে কতদিন সময় লাগবে তার, সেটা জানায়নি স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, এই চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে পড়তে পারেন এমবাপে। 

গত শুক্রবার লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে মাদ্রিদের দলটির ১-১ ড্র করার ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে এমবাপের। ৮৩তম মিনিটে মাঠে ছেড়ে উঠে যান তিনি।

এমবাপের চোট ফ্রান্সের জন্যও দুশ্চিন্তার কারণ। বিশ্বকাপের বাকি নেই দেড় মাসও। এই সময়ে এসে দলের সেরা ফুটবলারের যেকোনো সমস্যাই ভাঁজ ফেলবে দিদিয়ে দেশমের কপালে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। যেখানে ‘আই’ গ্রুপে সেনেগাল, ইরাক ও নরওয়ের সঙ্গী ফ্রান্স। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের চ্যাম্পিয়নরা।