২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠিন হবে’, আতলেতিকোর বিপক্ষে লড়াই নিয়ে আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিনোদনদায়ী ম্যাচের আশা করছেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘কঠিন হবে’, আতলেতিকোর বিপক্ষে লড়াই নিয়ে আনচেলত্তি
রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 09:38 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

এই মৌসুমে লা লিগায় দুটি মাদ্রিদ ডার্বির একটিও জিততে পারেনি রেয়াল মাদ্রিদ। আগামী মাসে আরও দুবার আতলেতিকোর মাদ্রিদের মুখোমুখি হবে তারা। এবার লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বরাবরের মতোই কাজটা সহজ হবে না বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

এবার লিগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ১-১ ড্র করে রেয়াল। এই মাসে ফিরতি দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়েও একই স্কোরলাইনে শেষ হয় দুই দলের লড়াই।

চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রেয়ালের সুখস্মৃতি বেশি; ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে আতলেতিকোকে হারিয়েই শিরোপা জিতেছিল তারা।

চলতি মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের বাধা পেরিয়ে নকআউট পর্বে আসা রেয়াল শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে পায় আতলেতিকোকে। আগামী মাসের শুরুতে প্রথম লেগ হবে বের্নাবেউয়ে।

লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আতলেতিকোর সঙ্গে তাদের লড়াইটা হবে সমানে-সমান। 

“লড়াইটা কঠিন হবে, আতলেতিকোর বিপক্ষে সবসময়ই যেমনটা হয়। চমৎকার, বিনোদনদায়ী, সমানে-সমান ম্যাচ হবে। আমাদের শেষ দুবারের দেখায় দুটি ড্র হয়েছে, এর অর্থ হলো দুটি দলের মান একইরকম।”