‘তিন থেকে চার সপ্তাহের’ জন্য দিয়াসকে হারাল সিটি
পেশির চোটে ভুগছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার।
চোটজর্জর মৌসুমে আরেকটি ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। এবার ডিফেন্ডার রুবেন দিয়াসকে হারাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পর্তুগিজ ফুটবলারকে।
গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে অস্বস্তি অনুভব করেন দিয়াস। কিন্তু থেমে যাননি তিনি। পেশির চোটের সঙ্গে লড়াই চালিয়ে খেলেন পুরো ম্যাচ।
সেই চোট তাকে এবার ছিটকে দিয়েছে লম্বা সময়ের জন্য। অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবারের লিগ ম্যাচ তো বটেই, আরও কয়েকটি ম্যাচে তাকে পাবে না সিটি।
চলতি মৌসুমে চোটের কারণে এরই মধ্যে সাতটি ম্যাচে দলের বাইরে ছিলেন দিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৯ ম্যাচ।
মৌসুমের বিভিন্ন সময় জন স্টোন্স, নাথান আকে, মানুয়েল আকঞ্জি, কাইল ওয়াকারকে চোটের কারণে হারিয়েছে সিটি। তাদের মাঝ মাঠের ভরসা, এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি তো লিগামেন্টের চোটে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে সময়টা একদমই ভালো যাচ্ছে না সিটির। ১৬ ম্যাচে স্রেফ আটটি জিতেছে তারা। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পঞ্চম। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে গত চার আসরের চ্যাম্পিয়নরা।
