১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারিকের নতুন ঠিকানা পারো এফসি

বকেয়া বেতনের কারণে গত বছর বাংলাদেশ ফুটবল লিগের দল বসুন্ধরা কিংস ছেড়ে দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

তারিকের নতুন ঠিকানা পারো এফসি
ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ছবি: পারো এফসি ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বসুন্ধরা কিংস ছাড়ার ছয় মাস পর, নতুন ঠিকানা খুঁজে নিলেন কাজী তারিক রায়হান। বাংলাদেশের এই অভিজ্ঞ ডিফেন্ডার যোগ দিলেন ভুটানের ক্লাব পারো এফসিতে।

গত বছর অক্টোবরে বকেয়া বেতনের কারণে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তির ইতি টানেন তারিক। ২০২০ সাল থেকে বিদায়ের আগ পর্যন্ত ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার সামলান কিংসের রক্ষণ।

নতুন ঠিকানায় গিয়ে দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন তারিক। পারো এফসি তাদের ফেইসবুকে তারিকের অনুশীলনের এবং তার হাতে চুক্তিপত্র তুলে দেওয়ার ছবি পোস্ট করেছে। অবশ্য চুক্তির বিস্তারিত জানায়নি তারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা বার্তায় ক্লাবের বড় কিছু অর্জনের স্বপ্ন পূরণে তারিক অবদান রাখবেন, এই আশাবাদ জানানো হয়েছে।

“অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়ে গড়া এক ডিফেন্ডার-২০২৬ মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে আন্তর্জাতিক মানের শক্তি যোগ করতে এসেছেন তারিক। শান্ত মেজাজ, বহুমুখী খেলার ক্ষমতা এবং নির্ভীক ডিফেন্ডিংয়ের জন্য পরিচিত তারিক এখানে এসেছেন দলের মান বাড়াতে, রক্ষণভাগকে শক্তিশালী করতে এবং পারো এফসি’র সমর্থকদের বড় কিছু অর্জনের স্বপ্ন দেখাতে।”

“ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এবারের যাত্রা আরও বড়। লক্ষ্য এখন আরও উঁচুতে। আমাদের পরিবারে স্বাগতম তারিক!”

ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা তারিক ২০২১ সালে গায়ে জড়ান বাংলাদেশের লাল-সবুজের জার্সি। জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপা জিততে পারেননি তিনি।

ক্লাব ক্যারিয়ারে বসুন্ধরা কিংসের হয়ে অবশ্য মুঠোভরে পেয়েছেন তারিক। তিনটি লিগ শিরোপা, একটি ফেডারেশন কাপ ও দুটি স্বাধীনতা কাপ জিতেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।