৭৫ হাজার দর্শকের সামনে বড় পরাজয়ে মৌসুম শুরু মেসিদের
মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক রেকর্ডের ম্যাচে নিষ্প্রভ লিওনেল মেসি ও ইন্টার মায়ামি।
মৌসুমের শুরুতের জিভে জল এনে দেওয়া এক লড়াই। শিরোপাধারী ইন্টার মায়ামির প্রতিপক্ষ লিগের সবচেয়ে বড় দলগুলির একটি লস অ্যাঞ্জেলস এফসি। রোমাঞ্চের টানে মাঠে হাজির ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের রেকর্ড। কিন্তু গর্জনের তুলনায় বর্ষণ হলো সামান্যই। মিইয়ে থাকলেন লিওনেল মেসি, নিষ্প্রভ মায়ামি। ম্যাচ হলো তাই একতরফা।
লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে হেরে মেজর লিগ সকারের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল মায়ামি।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের মধ্যে প্রথমবার মেসি মাঠে থাকার পরও গোল করতে ব্যর্থ হলো মায়ামি। সবশেষটি ছিল সেই ১৩ সেপ্টেম্বর। শার্লটের বিপক্ষে সেই ম্যাচেও ৩-০ ব্যবধানে হেরেছিলেন মেসিরা।
বাংলাদেশ সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ম্যাচটিতে ৬৯ শতাংশ সময় বল ছিল মায়ামির কাছে। কিন্তু বল পায়ে রাখলেই তো হবে না, আসল কাজটি তো করতে হবে! ঘরের মাঠে লস অ্যাঞ্জেলসই বরং বারবার আক্রমণে কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে।
গোলে ১০টি শট নিয়ে ২টি কেবল লক্ষ্যে রাখতে পারে মায়ামি। কিন্তু পরাস্ত করতে পারেনি বিশ্বকাপজয়ী গোলকিপার উগো লরিসকে। লস অ্যাঞ্জেলস গোলে ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৫টি। এর ৩টিই কাজে লাগায় তারা।
বছরের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে একদমই বিবর্ণ ছিলেন মেসি। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন তিনি মাঠে। তার প্রতিপক্ষ দলের সবচেয় বড় তারকা সন হিউং-মিন গোল না পেলেও ম্যাচজুড়ে খেলেছেন দুর্দান্ত।
গত মৌসুমে ইতিহাস গড়া সাফল্যের পর এই মৌসুমে অবশ্য অনেকটা নতুন চেহারায় শুরু করেছে মায়ামি। বড় দুই ভরসা জর্দি আলবা ও সের্হিও বুসকেতস অবসরে চলে গেছেন। শুরুর একাদশেই অভিষিক্ত ফুটবলার ছিলেন তিনজন, পরে নামানো হয় নতুন আরেকজনকে।
লিগে মেসিদের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী ২ মার্চ ভোরে।
