২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁইত্রিশের মেসির ৩৭ রেকর্ড

আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনে তার ৩৭টি রেকর্ড ও পরিসংখ্যান নিয়ে ‘ভিন্নস্বাদের’ প্রতিবেদন ছাপিয়েছে দেশটির দৈনিক টিওয়াইসি স্পোর্টস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 08:08 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

লিওনেল মেসির এবারের জন্মদিনটা কি একটু অন্যরকম? গত জন্মদিনের আগেই তো ফুটবলের সবুজ থেকে সবকিছু পাওয়া হয়ে গেছে তার। এবারের ২৪ জুনে বয়স বেড়েছে আরও এক বছর, পূর্ণ হলো ৩৭। পথচলা শুরু হলো ৩৮-এর পথে। শেষের পথেও কি? সময়ের হাতে তোলা থাক সেই ভাবনা। আপাতত মেসির মিশন কোপা আমেরিকার মুকুট ধরে রাখার।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনাও নোঙর ফেলেছে একই লক্ষ্য নিয়ে। কানাডাকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরুও পেয়েছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার জয়যাত্রা ধরে রাখতে চিলির মুখোমুখি হবে তারা।

এরই মধ্যে এসে গেছে ২৪ জুন। মহাতারকা মেসির জন্মদিন। ফুটবল যার কাছে স্রেফ চর্মগোলক নয়, যেন রং-তুলিও; সবুজ মাঠ তার কাছে ইচ্ছেমতো ছবি আঁকার ক্যানভাস। আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস এই জাদুকরের জন্মদিনের অন্যরকম আয়োজন করেছে। ৩৭ বছর বয়সী মেসির ৩৭টি রেকর্ড নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো।

•    ইতিহাসে সবচেয়ে বেশি অফিসিয়াল শিরোপা জয়ের রেকর্ড মেসির; ৪৪টি।

•    সবচেয়ে বেশি ব্যালন দ’র জয়ী; ৮টি।

•    সবচেয়ে বেশিবার গোল্ডেন বুট জয়ী; ৬টি।

•    এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া ফুটবলার; ২০১২ সালে ৯১ গোল করেছিলেন তিনি।

•    দক্ষিণ আমেরিকার কোনো দলের এবং আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৮৩টি) খেলার রেকর্ডও মেসির। এই হিসাবের মধ্যে ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ধরা হয়নি, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ম্যাচ শুরুর ৫ মিনিট পর খেলা বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচটি বাতিল করেছিল ফিফা। 

•    দক্ষিণ আমেরিকার কোনো দলের এবং আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড; ১০৮টি।

•    বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড; ১৩টি।

•    আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের চারটি আসরে গোল করার কীর্তি; ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২।

•    ১৮ বছর ৩৫৭ দিন বয়সে কনিষ্ঠতম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোলদাতা।

•    দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতা; ৩১টি।

•    সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে খেলার কীর্তি যৌথভাবে মেসির। এই রেকর্ড তিনি ভাগাভাগি করেছেন ইতালির জানলুইজি বুফ্ফন, জার্মানির লোথার মাথেউস, পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ও মেক্সিকোর আন্তোনিও কারবাহাল, রাফা মার্কেস, আন্দ্রেয়া গুয়ারদাদো এবং গিলের্মো ওচোয়ার সঙ্গে।

•    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, ২৬টি।

•    বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ড; ২ হাজার ৩১৪ মিনিট।

•    বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড; ১৯টি।

•    বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্টের রেকর্ডও মেসির। ১৩ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট আছে তার।

•    বিশ্বকাপে দুবার গোল্ডেন বল জেতা একমাত্র খেলোয়াড়; ২০১৪ ও ২০২২ আসরে। 

•    বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী; ১৪টি।

•    বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বে, শেষ ষোলোয়, কোয়ার্টার-ফাইনালে, সেমি-ফাইনালে এবং ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড়।

•    বিশ্বকাপে অনূর্ধ্ব-২০ বছর বয়সে, ২০-এর বেশি বয়সে এবং ৩০-এর বেশি বয়সে গোল করা একমাত্র খেলোয়াড়।

•    বিশ্বকাপে প্রথম এবং সবশেষ গোলের মধ্যে সময়ের ব্যবধানও সবচেয়ে বেশি মেসির; ১৬ বছর ৬ মাস ২ দিন।

•    বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে বেশিবার প্রথম গোল করার কীর্তিও মেসির; ৮ ম্যাচে।

•    অধিনায়ক হিসেবে ফাইনালে সবচেয়ে বেশি গোলদাতা, ২টি।

•    কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড; ৩৫টি। চিলির বিপক্ষে খেলতে নামলে এই রেকর্ড আরও এক ম্যাচ বাড়বে।

•    কোপা আমেরিকায় সবচেয়ে বেশি অ্যাসিস্ট; ১৭টি।

•    বিদেশি খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লা লিগার ট্রফি সবচেয়ে বেশিবার (১০ বার) জয়ী।

•    কোনো এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল; বার্সেলোনার হয়ে ৬৭২টি।

•    ক্লাব পর্যায়ে লিগের সর্বোচ্চ গোলদাতা, লা লিগায় ৪৭৪টি।

•    স্প্যানিশ ক্লাসিকোয় (দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই) সর্বোচ্চ গোল; ২৬টি।

•    লা লিগায় এক মৌসুমের সর্বোচ্চ গোল; ৫০টি (২০১১-১২ মৌসুমে)।

•    লা লিগায় এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট, ২১টি (২০১৯-২০ মৌসুমে)

•    গণনা শুরুর পর থেকে লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট; ১৯৩টি।

•    লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিক; ৩৬টি।

•    লা লিগায় টানা গোল পাওয়ার রেকর্ড; ২১ ম্যাচ (২০১২-১৩)

•    লা লিগায় মৌসুমে সর্বোচ্চ গোলের সুবাদে সবচেয়ে বেশিবার পিচিচি ট্রফি জয়ী; ৮ বার।

•    এক দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা; ১২০টি, বার্সেলোনার হয়ে।

•    চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল পাওয়া; ৪০টি ক্লাবের বিপক্ষে।

•    চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে একশ গোলের মাইলফলকে পা রাখার রেকর্ডও মেসির। ১০০ গোল করতে তিনি খেলেছিলেন ১২৩ ম্যাচ।