সালাহকে একাদশ থেকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন স্লট
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় ফরোয়ার্ডকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন লিভারপুল কোচ।
দলের বাজে ফর্ম তো আছেই, সাম্প্রতিক সময়ে মোহামেদ সালাহ ব্যক্তিগতভাবেও ভালো করতে পারছেন না। সেটির মূল্যও দিতে হয়েছে তাকে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় ফরোয়ার্ডকে শুরুর একাদশ থেকে বাদ দিয়েছেন আর্না স্লট। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন লিভারপুল কোচ।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচের ৯টিতে হারের পর রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের আগে সালাহকে বেঞ্চে রাখার কারণ জানান কোচ।
“আমরা ১০ দিনে চারটি ম্যাচ খেলেছি। আমার ভালো অনেক খেলোয়াড় আছে, তাই আজ আলাদা লাইন-আপ বেছে নিয়েছি। কখনও আলেক্স (আলেক্সিস মাক আলিস্তের) বেঞ্চে থাকে, কখনও ফ্লোহিয়ান (ভিয়েৎস), এটা মাঠের খেলোয়াড়দের বিষয়, আমি যাদের বেছে নিয়েছি তাদের ১১ জনের বিষয়। আমার ১১ জনেরও বেশি ভালো খেলোয়াড় আছে। আর এটাই প্রথমবার নয় যে, মোকে (সালাহ) না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।”
এই ম্যাচের আগে চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে মাত্র ৫টি গোল করতে পেরেছেন সালাহ। এর মধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে তার গোল ৪টি।
