২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে খেলতে গেলেন সাবিনা, মারিয়া, ঋতুপর্ণা ও মনিকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত অনুমতি দেওয়ায় ভুটানের রয়েল থিম্পু কলেজ ক্লাবের হয়ে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছেন বাংলাদেশের এই চার তারকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 08:56 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

দেশের ক্লাবের হয়ে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ ছিল সাবিনা-মারিয়াদের সামনে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গড়িমসিতে তা হয়নি। তবে ঠিকই এই মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন মেয়েরা। ভুটানের রয়েল থিম্পু কলেজ ক্লাবের জার্সিতে খেলবেন বাংলাদেশের চার নারী ফুটবলার।

সাবিনা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা ও ঋতুপর্ণা চাকমা- এই চার তারকা সোমবার ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন। বিমানবন্দরে চার জন ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন ভুটানের যাওয়ার খবর।

এই চার জনকে দলে নিতে গত জুলাইয়ে প্রস্তাব দিয়েছিল ভুটানের দলটি। শুরুতে তাদের ছাড়তে রাজি ছিলেন না বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। পরে অবশ্য অনুমতি মেলে মেয়েদের।

এই প্রতিযোগিতায় খেলার সুযোগ ছিল বাংলাদেশের ক্লাবেরও। কিন্তু বাফুফের টালবাহানায় সুযোগ থেকে বঞ্চিত হয় বসুন্ধরা কিংস। 

আগামী অক্টোবরে নেপালে হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এবার মুকুট ধরে রাখার মিশনে নামবেন ঋতুপর্না-মনিকারা। তার আগে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলা মেয়েদের অভিজ্ঞতা বাড়াবে বৈকি।

প্রতিযোগিতার প্রিলিমিনারী রাউন্ডে ইরানের বাম খাতুন ও হংকংয়ের কিচি এফসির বিপক্ষে খেলবে থিম্পু কলেজ। আগামী ২৫ ও ২৮ অগাস্ট হবে ম্যাচ দুটি।