২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত ফর্মের পরও সতর্ক স্পেন কোচ

আগামী বিশ্বকাপের জন্য ফেভারিট হয়ে উঠলেও পা মাটিতে রাখছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

দুর্দান্ত ফর্মের পরও সতর্ক স্পেন কোচ
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জয় কোনো গোল হজম না করেই। সব মিলিয়ে অপরাজেয় যাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপের টিকেটও কার্যত নিশ্চিত হয়ে গেছে। আগামী বছরের আসরে ফেভারিটদের মধ্যেই থাকবে স্পেন। দলের দুর্বার পথচলার পরও অবশ্য পা মাটিতেই রাখছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গত শনিবার জর্জিয়াকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড নতুন করে লেখে স্পেন।

প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচে অপরাজিত আছে দে লা ফুয়েন্তের দল। ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ২৯ ম্যাচে অপরাজিত ছিল তারা।

দারুণ এই পথচলার মধ্যে আছে গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, জার্মানিতে অনুষ্ঠিত ওই আসরে সাত ম্যাচের সবকটি জেতে তারা।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। পাঁচ ম্যাচে জয়ের পথে জাল অক্ষত রেখে তারা গোল করেছে ১৯টি।

১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তুরস্ক। শেষ রাউন্ডে মঙ্গলবার ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি ৭ গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপ সেরা হয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকেট পাবে স্পেন। দুই দলের প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল স্প্যানিশরা।

সেভিয়ায় আসছে ম্যাচের আগে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপে ফেভারিট হওয়ার চাপের কথা স্বীকার করে নিয়ে দে লা ফুয়েন্তে বললেন, নিজেদের কাজটা ঠিকঠাক করে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

“সাফল্য হলো জয়ের জন্য লড়াই করার সুযোগ থাকা। জয় ও পরাজয়ের মধ্যে খুব সূক্ষ্ম রেখা রয়েছে। বিশ্বকাপে পরিষ্কার ফেভারিট বলে কিছু নেই। আগে ফুটবল অন্যান্য দলের ওপর নজর দেওয়া হতো, তবে এখন স্পেন ফেভারিটদের মধ্যে রয়েছে।”

বিশ্বকাপের টিকেট পাওয়ার দুয়ারে থাকলেও দে লা ফুয়েন্তে জোর দিয়ে বললেন, তুরস্কের বিপক্ষে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবেন না তারা।

“এই ম্যাচটিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি আমরা, মর্যাদার জন্য, আমরা যা অর্জন করেছি তা দেখানোর জন্য। আমরা বিশ্বের এক নম্বরে থাকতে চাই।”