‘অনাকাঙিক্ষত ঘটনায়’ চেলসির কোচের কাছে ক্ষমা চাইলেন আর্তেতা
মুখোমুখি লড়াইয়ের আগে ওয়ার্ম-আপ কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা উদ্দেশ্যমূলক ছিল না বলেও দাবি করেছেন আর্সেনাল কোচ।
লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের পর, বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে; কিন্তু ওই ম্যাচের নানা ঘটনার রেশ রয়ে গেছে এখনও। লড়াই শুরুর আগে ওয়ার্ম-আপের সময়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরে চেলসি কোচ লিয়াম রোসেনিয়ার অভিযোগ করেছেন, এমিরেটস স্টেডিয়ামে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি তার দলকে। সেই জন্য ক্ষমা চেয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
গত মঙ্গলবার ম্যাচটি কাই হাভার্টজের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতে, দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে আর্সেনাল।
ওই ম্যাচে আর্সেনালের উদ্দাম উদযাপন নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন চেলসির সাবেক তারকা জন টেরি। এবার ওয়ার্ম-আপের সময়ের ঘটনা সামনে আনলেন চেলসি কোচ। রোসেনিয়ার দাবি, ওয়ার্ম-আপের সময় আর্সেনালের স্টাফরা তাদের অংশে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করছিলেন। তাদেরকে নিজেদের অংশে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি, কথা শোনেনি কেউ।
“তারা আমাদের ওয়ার্ম-আপ বিঘ্নিত করেছিল। আর্সেনালের কারো সঙ্গে বা আর্তেতার সঙ্গে আমার কোনো সমস্যা নেই; কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়নি, আমার দলকে শ্রদ্ধা করা হয়েছে।”
রোসেনিয়ারের অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানালেন আর্তেতা। দাবি করলেন, উদ্দেশ্যমূলকভাবে কিছু করেনি তার দল।
“আমি জানি না (কী হয়েছিল); এটা তার (রোসেনিয়ার) মতামত এবং অবশ্যই আমরা সবাইকে শ্রদ্ধা করি। এ নিয়ে আমার কোনো ধারণা নেই; কিন্তু আমি মনে করি না, এটা উদ্দেশ্যমূলক ছিল।”
“কোনোভাবে যদি আমাদের স্টাফদের কেউ ওই কাজ করে থাকে, তাহলে আমরা ক্ষমাপ্রার্থী। ফুটবলে এটা খুবই স্বাভাবিক বিষয়, বিশেষ করে গোলকিপারদের (ওয়ার্ম-আপের) ক্ষেত্রে। কেননা, তাদের লম্বা কিক নিতে হয় এবং বিষয়টা এটাই। তো এ নিয়ে কিছু বলার নেই।”
