এখনই অবসর নিয়ে ভাবছেন না লেভানদোভস্কি
পোল্যান্ডের তরুণ প্রজন্মের সঙ্গে আরও কয়েক বছর খেলে যেতে চান তারকা এই স্ট্রাইকার।
জাতীয় দলের সতীর্থদের কেউ কেউ চলতি ইউরো দিয়ে বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে। কিন্তু এখনও সেই ভাবনা নেই রবের্ত লেভানদোভস্কির। পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার উঠে আসা তরুণদের সঙ্গে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে হার দিয়ে এবারের ইউরো শুরু করে পোল্যান্ড। ঘুরে দাঁড়াতে পারেনি তারা অস্ট্রিয়ার বিপক্ষে, ম্যাচটিতে পায় আরও বড় হারের তেতো স্বাদ, ৩-১ গোলের। এতে টুর্নামেন্টের শেষে ষোলোয় ওঠার আশা শেষ পোলিশদের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড। দলটির ৩৬ বছর বয়সী কামিল গ্রোশিটস্কি এই ম্যাচ দিয়ে বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ফুটবলকে। বিভিন্ন গণমাধ্যমের খবর, ৩৪ বছর বয়সী পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিরও ভাবনা একই।
পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করা লেভানদোভস্কি অবশ্য এখনই অবসর নিয়ে ভাবছেন না। এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৮২ গোল করা এই ফুটবলার নিজের ভেতর আগের মতোই তাড়না অনুভব করেন।
“আমার বয়স খুব শিগগিরই ৩৬ বছর হবে। অনেকেই ভাবছে, আমি কতদিন খেলব, কিন্তু আমার ভেতরে এখনও সেই তাড়না আছে এবং বাইরে থেকে কেউ আমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না।”
পোল্যান্ডের তরুণ প্রজন্মকে নিয়ে খুবই আশাবাদী বার্সেলোনা তারকা লেভানদোভস্কি।
“হয়তো একদিন ঘুম থেকে উঠে ভাবব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবার সময় এসেছে। কিন্তু আজ আমি অনুভব করি এবং দেখতে পাচ্ছি যে, এই দলটির একটি ভবিষ্যৎ আছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এমন পারফরম্যান্স সত্ত্বেও আমরা এখানে কিছু একটা তৈরি করেছি। এই দলের মধ্যে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক তরুণ খেলোয়াড়কে উঠে আসতে দেখছি।”
