০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গিমারাইসকে ছাড়ার ইচ্ছে ছিল না নিউক্যাসলের

নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন আর্সেনালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 12:54 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে নিউক্যাসল ইউনাইটেডের ক্রীড়া পরিচালক রস উইলসনের বিষাদময় বার্তায় ব্যাপারটি ‘অফিসিয়াল’ হয়েই গেল। তিনি জানালেন, অধিনায়ক ব্রুনো গিমারাইসকে বিক্রি করার কোনো ইচ্ছেই ক্লাবের কোনো পক্ষেরই ছিল না।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, আর্সেনালে পাড়ি জমাচ্ছেন গিমারাইস। ব্রিটিশ সংবাদমাধ্যম সম্প্রতি খবর প্রকাশ করে, সাড়ে সাত কোটি পাউন্ডে (প্রায় ১০ কোটি ডলার) দলবদল চূড়ান্ত হয়ে গেছে ২৮ বছর বয়সী মিডফিল্ডারের। 

বার্তা সংস্থা রয়টার্সের জিজ্ঞাসায় অবশ্য কোনো ক্লাবই কিছু নিশ্চিত করেনি। তবে ব্যাপারটকে বলা যায় এখন সময়ের অপেক্ষা। স্পেনে নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা নিশ্চিত করেই দিলেন উইলসন।

“আমরা ব্রুনোকে বিক্রি করতে চাইনি। তাকে বিক্রি করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমাদের কেউই—কিংবা মালিকপক্ষও—ব্রুনোকে বিক্রি করতে চায়নি।

সে আমাদের অধিনায়ক, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সে এবং তার দাম নিয়ে যে বিতর্ক — তার বয়সী একজন ফুটবলারের জন্য এটি একটি বিশ্ব-রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি। আমাদের যা বিবেচনা করতে হয়েছিল, তা হলো, ব্রুনো আমাদের প্রতি তার আচরণে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং আবেগের সাথেও কার্যকরভাবে আমাদের জানিয়েছিল যে সে ক্লাব ছাড়তে এবং নতুন পথে চলতে চায়।”

গিমারাইসের নেতৃত্বে গত বছর লিগ কাপ জয় করে নিউক্যাসল। ক্লাবের ইতিহাসে যা ৫৬ বছরের মধ্যে প্রথম ট্রফি, ৭০ বছরের মধ্যে প্রথম ঘরোয়া ট্রফি। 

ওই শিরোপার পর সমর্থকদের ভালোবাসায় আপ্লুত গিমারাইস বলেছিলেন, “এটা আমার দ্বিতীয় ঘর। আমরা ইতিহাস তৈরি করছি। কোনো একদিন, যখন আমি এই ক্লাব ছেড়ে চলে যাব, আমি চাই ভক্তরা আমার নাম ঠিক সেভাবেই গাইবে, যেভাবে তারা (ক্লাবের কিংবদন্তি) অ্যালান শিয়েরারের জন্য গায়।”

২০২২ সালে নিউক্যাসলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা এই ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫টি ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি। 

ক্রীড়া পরিচালক বললেন, গিমারাইসের বদলবদলে ক্লাবের পরিকল্পনার বড় ধাক্কা লেগেছে। 

“এটা বলার কোনো সুযোগ নেই যে, (এই দলবদল) আমাদের কৌশলের অংশ ছিল এবং এই গ্রীষ্মে আমাদের চিন্তাভাবনায় ছিল। মোটেও তা ছিল না। কিন্তু আমাদের ‘ফ্লেক্সিবল’ হতে হবে এবং বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

“হয়তো আমাদের পরিকল্পনায় ছিল একজনকে দলে নেওয়া, কিন্তু আমরা তাকে পাইনি। তাই আমরা অন্য একজনের দিকে এগিয়েছি। এ ব্যাপারে আমরা কেবল সৎই থাকতে পারি।”

গিমারাইসের আগে নিউক্যাসল হারিয়েছে দলের সেরা ফুটবলারদের আরেকজন অ্যাস্থনি গর্ডনকে। ইংলিশ উইঙ্গার পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। 

আগামী ২৩ অগাস্ট লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে নিউক্যাসল।