প্রথম জয় পেতে দলের কাছে যা চাইলেন লিভারপুল কোচ
ইপ্সউইচ টাউনের বিপক্ষে ভালো শুরু এবং নিজেদের সেরা ফুটবল দেখতে চাইলেন আন্দোনি ইরাওলা।
দলবদলে নিজেদের ভালোভাবেই গুছিয়ে নিয়েছে লিভারপুল। এবার মাঠে ফল পাওয়ার অপেক্ষা। সেটার জন্য একটু বেশিই উদগ্রীব আন্দোনি ইরাওলা। এখনও যে জয়শূন্য লিভারপুলের নতুন কোচ। ইপ্সউইচ টাউনের বিপক্ষে পরের ম্যাচেই অপেক্ষার অবসান চান তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাত ১টায় ইপ্সউইচের মাঠে খেলবে লিভারপুল। এর আগের দিন সংবাদ সম্মেলনে প্রথম জয়ের জন্য উন্মুখ থাকার কথা বলেন ইরাওলা।
“আমার একটি জয় প্রয়োজন। আমরা কাজের এই অংশটা নিয়ে হতাশ। কেবল দুটি ম্যাচ গেছে, তবে আমি জয় চাই। আমি মনে করি, আমাদের দলে প্রতিভার ঘাটতি নেই। এখন আমাদের পারফর্ম করতে হবে, নিজেদের কাজ সারতে হবে আর আমরা কাল (শুক্রবার) শুরু করব।”
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করে লিভারপুল। পরে একই ব্যবধানে ড্র করে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।
দুই ম্যাচেই দুই দফায় পিছিয়ে পড়ে সমতা ফেরায় লিভারপুল। দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে খুশি ইরাওলা। তবে শুরুতে পিছিয়ে পড়ার ধারার ইতি টানতে তিনি উন্মুখ।
“প্রতিক্রিয়া ইতিবাচক ছিল কিন্তু আমি প্রথম গোল করায় মনোযোগ দিতে চাই। এই মৌসুমে ৯০ শতাংশ সময় আমরা পিছিয়ে ছিলাম। কারণ, আমরা একদম শুরুতেই গোল হজম করছিলাম।
“পিছিয়ে থাকাটা ভালো কিছু নয়। যদি ১-০ ব্যবধানে এগিয়ে থাকেন, সেটা ভালো। তাই ম্যাচ ভালোভাবে শুরু করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আরও আক্রমণাত্মক হওয়ার জন্য প্রথম গোল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে এবং প্রথম জয়ের জন্য নিজেদের সেরাটা আমাদের দিতে হবে।”
