২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে মোটা অঙ্কের জরিমানা

সমর্থকদের ম্যাচের মাঝে আতশবাজি ফোটানোয় ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে জার্মান ক্লাবটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 05:33 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

ম্যাচের মাঝে সমর্থকদের উগ্র আচরণের দায়ে শাস্তি পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগা জায়ান্টদের ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বায়ার্নকে শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানায় ডিএফবি। জার্মান ফুটবলের নিয়ন্তা সংস্থার রায় মেনে নিয়েছে ক্লাবটি।

গত অগাস্টে জার্মান কাপে ওয়েমের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচের মাঝে ফ্লেয়ার জ্বালিয়ে ও আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন বায়ার্নের সমর্থকরা। এসব কারণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে খেলায় তা বিঘ্ন ঘটায়। প্রায় তিন মিনিট খেলা বন্ধ থাকে।

সমর্থকদের এমন কাজের ফলে ম্যাচে বিঘ্ন ঘটায় বায়ার্নকে বড় অঙ্কের জরিমানা করার কথা বিবৃতি দিয়ে জানায় ডিএফবি। 

“এসএসভি ওয়েমে জার্মান কাপের ম্যাচের ৪৬তম মিনিটে... মিউনিখের দর্শকরা অন্তত ৭০টি ফ্লেয়ার ও চারটি আতশবাজি জ্বালায়… এগুলোর কিছু মাঠের দিকেও গিয়েছিল। প্রচুর ধোঁয়ার কারণে খেলায় প্রায় তিন মিনিট বিরতি দিতে বাধ্য হয়েছিল।”

জার্মান কাপের শেষ ষোলোয় শিরোপাধারী বায়ার লেভারকুজেনের বিপক্ষে আগামী ৩ ডিসেম্বর মুখোমুখি হবে বায়ার্ন।