১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

মিলিতাওকে ফিরে পেয়ে খুশি কুকুরেইয়া

স্প‍্যানিশ এই ডিফেন্ডার মনে করেন, দীর্ঘ মৌসুমে যত বেশি খেলোয়াড় ফিট থাকবে, দলের জন‍্য তত ভালো।

মিলিতাওকে ফিরে পেয়ে খুশি কুকুরেইয়া

ছয় মাস পর সেভিয়ার বিপক্ষে মাঠে নামেন এদের মিলিতাও। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 05:23 PM

Updated : 19 Oct 2026, 05:23 PM

গত কয়েক বছরের মতো এবারও ডিফেন্ডারদের চোট ভোগাচ্ছে রেয়াল মাদ্রিদকে। সেভিয়ার বিপক্ষেও ডিফেন্ডার হিসেবে খেলেছেন মিডফিল্ডার ফেদে ভালভের্দে। শেষ দিকে তার জায়গায় মাঠে নামেন এদের মিলিতাও। অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেরায় ভীষণ খুশি মার্ক কুকুরেইয়া।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে স্পেনের সফলতম দল রেয়াল।

৮৪তম মিনিটে বদলি হিসেবে নামেন মিলিতাও। এর আগে গত ২১ এপ্রিল সবশেষ রেয়ালের হয়ে খেলেন তিনি। বাম পায়ের পেশির চোটে ছয় মাস বাইরে থাকার পর মাঠে ফিরলেন তিনি।

কুকুরেইয়া মনে করেন, দীর্ঘ মৌসুমে এগিয়ে যেতে মিলিতাওসহ সবাইকেই প্রয়োজন হবে তাদের।

“তিনি অসাধারণ মানসিক দৃঢ়তার দারুণ একজন ফুটবলার। তিনি ড্রেসিংরুমেও অনেক অবদান রাখে। তিনি ফেরায় আমি খুশি।

“এখন, আমাদের অল্প কয়েকজন চোট পাওয়া খেলোয়াড় আছে। ধীরে ধীরে আমরা পূর্ণ শক্তির দল ফিরে পেতে যাচ্ছি। সব খেলোয়াড়কে তৈরি পাওয়া গুরুত্বপূর্ণ হবে। এটা দীর্ঘ একটা মৌসুম, অনেক ম‍্যাচ থাকবে। তাই যত বেশি খেলোয়াড় পাওয়া যাবে তত ভালো হবে।”

সেভিয়াকে উড়িয়ে দেওয়ার পর এবার চ‍্যাম্পিয়ন্স লিগে লাইপজিগ ম‍্যাচের দিকে মনোযোগ দিতে চান কুকুরেইয়া।

“লাইপজিগের বিপক্ষে জয় খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা জানি, চ‍্যাম্পিয়ন্স লিগ স্পেশাল এক প্রতিযোগিতা। আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে উন্মুখ। আর সেটার জন‍্য তিন পয়েন্ট পাওয়া এবং টানা তৃতীয় জয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।"

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ঘরের মাঠে বুন্ডেসলিগার দল লাইপজিগের মুখোমুখি হবে রেয়াল।