সান সিরো থেকে সরে গেল ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
ম্যাচটির জন্য নতুন ভেন্যু আগামী বছরের মে অথবা জুন মাসে বেছে নেওয়া হবে।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ আসরের ফাইনাল মিলানের সান সিরো স্টেডিয়ামে আর হচ্ছে না। ফলে, শিরোপা লড়াইয়ের ম্যাচটির জন্য নতুন ভেন্যু বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা, উয়েফা।
সেরি আর দুটি ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোয় সবশেষ ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রেয়াল মাদ্রিদ।
গত মে মাসে ২০২৭ সালের ফাইনালের ভেন্যু হিসেবে সান সিরোর নাম ঘোষণা করে উয়েফা। একই সঙ্গে ২০২৬ সালের ফাইনালের জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনার নাম ঘোষণা করা হয়।
তবে ৭৫ হাজার ৮১৭ আসনবিশিষ্ট সান সিরো স্টেডিয়ামটি সংস্কারের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এখানেই সমস্যার উৎপত্তি। সংস্কারের পরিকল্পনা হাতে নিলেও, নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামটি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত থাকবে কি-না, তা নিশ্চিত নয়।
এজন্যই ওই ফাইনালের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে উয়েফা। মঙ্গলবার বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের মে বা জুন মাসে নতুন ভেন্যু বেছে নেওয়া হবে।
৩৬ দলের অংশগ্রহণে নতুন আঙ্গিকে এবার শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়, আগামী বছরের ৩১ মে।
