২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিলার মাঠে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় লিভারপুল

পরের ম্যাচ জিততে না পারলে ইউরোপ সেরা টুর্নামেন্টে খেলার আশা শেষ হয়ে যেতে পারে আর্না স্লটের দলের।

ভিলার মাঠে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় লিভারপুল
টানা তিন ম্যাচে জয়শূন্য লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 03:35 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

দুই দলের সামনেই সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগের টিকেট কাটার। পারেনি লিভারপুল, পেরেছে অ্যাস্টন ভিলা। আর এই ব্যর্থতায় আর্না স্লটের দলের আগামী মৌসুমের ইউরোপ সেরা প্রতিযোগিতায় খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার ৪-২ গোলে পরাজিত হয় লিভারপুল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফিরেছিল তারা। কিন্তু এরপর আরও তিন গোল হজম দলটি। শেষ দিকে ফন ডাইক আরেকটি গোল করলেও, তা কেবল ব্যবধানই কমায়।

রক্ষণের দুর্বলতায় এমন পরাজয়ে ভীষণ হতাশ দলটির সবাই। ম্যাচ শেষে জো গোমেজের কণ্ঠে সেটাই উচ্চারিত হলো।

“এটা হতাশাজনক, মনোযোগের ঘাটতির কারণেই এই হার।”

টানা তিন ম্যাচে জয়শূন্য (দুটি হার ও একটি ড্র) খেকে লিগ টেবিলে পাঁচ নম্বরে নেমে গেছে লিভারপুল। এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের খেলার সুযোগ পাবে। তাই বর্তমান স্থান ধরে রাখতে পারলেও লক্ষ্য পূরণ হবে ‘অল রেড’ নামে পরিচিত দলটির। তবে পরের দুটি দলের সঙ্গে ব্যবধান কম হওয়ায় শঙ্কার জায়গাও আছে যথেষ্ট। ইংলিশ ডিফেন্ডার গোমেজের কাছে, এটাও হতাশার আরেক কারন।

“প্রিমিয়ার লিগে (দলগুলোর মাঝে) ব্যবধান খুবই কম, তাই এই হারে হতাশা বাড়ছে। যা হওয়ার হয়েছে, এখন হা-হুতাশ করে লাভ নাই, আমাদের বাকি কাজ সারতে হবে।”

“আমরা জানি, আগামী সপ্তাহে আমাদের কী করতে হবে, ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জিততে হবে আমাদের।”

৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভিলা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল।

একটি করে ম্যাচ কম খেলা বোর্নমাউথ ৫৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ও ব্রাইটন ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে।