Published : 13 Jan 2026, 10:25 PM
হারের বৃত্তে ঘুরপাক খাওয়া নাসরিন একাডেমি অবশেষে জয়ের স্বাদ পেল। কাচারিপাড়া একাদশকে হারিয়ে উইমেন’স ফুটবল লিগে টানা চার হারের পর প্রথম জয় পেয়েছে শিরোপাধারীরা।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার পপি রানী ও আসমা খাতুনের হ্যাটট্রিকে কাচারিপাড়া একাদশকে ৯-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি।
দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়া পপি ৩৫ ও ৪২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন। পরে আরও দুইবার জালের দেখা পান তিনি। জয়ী দলের সোমা আক্তার গোল করেন একটি।
পঞ্চম রাউন্ডে এ দিন হয়েছে পাঁচটি ম্যাচ। চতুর্থ রাউন্ডের মতো (৪৯টি) মুড়িমুড়কির মতো না হলেও গোল হয়েছে মোট ৩৩টি। হ্যাটট্রিক হয়েছে ৪টি।
দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ধরে রেখেছে জয়ের ধারা। উন্নতি খাতুনের হ্যাটট্রিকে ৭-০ ব্যবধানে তারা উড়িয়ে দিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। উন্নতি জালের দেখা পেয়েছেন চারবার। এছাড়া জয়নব বিবি রিতা দুটি ও সুলতানা একটি গোল করেন।
পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে সেনাবাহিনী।
এরপর সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ এসসি। এ ম্যাচেও হ্যাটট্রিকের আলো ছড়িয়েছেন শামসুন্নাহার জুনিয়র। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফরোয়ার্ড।
ফরাশগঞ্জের অনামিনা ত্রিপুরা, পুজা রানা ও শামসুন্নাহার সিনিয়র একবার করে পেয়েছেন জালের দেখা।
চতুর্থ ম্যাচে আনসার ও ভিডিপিকে ৮-০ গোলে ভাসিয়েছে রাজশাহী স্টার্স। আলপি আক্তার পঞ্চদশ মিনিটে গোলমুখের আগল খুলে দেওয়ার পর রেশমা আক্তার দুইবার এবং শাহেদা আক্তার রিপা, সুরভী আকন্দ প্রীতি, ঋতুপর্ণা চাকমা, মুনকি আক্তার ও পুজা দাস একবার করে সেরেছেন গোলের উদযাপন।
দিনের পঞ্চম ও শেষ ম্যাচে ছিল অন্যরকম উত্তাপ। ৫৬তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয় সাগরিকা ও বিকেএসপির গোলকিপারের সাথে। রেফারি দেন পেনাল্টির বাঁশি। সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাঠ ছাড়েন বিকেএসপির খেলোয়াড়েরা। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট।
রেফারির সিদ্ধান্ত মেনে, অচলাবস্থার অবসান ঘটিয়ে মাঠে ফিরে বিকেএসপি। সফল স্পট কিকে পুলিশকে এগিয়ে নেন আইরিন খাতুন। এ গোলেই পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।