Published : 10 Jun 2026, 01:06 AM
হুলিয়ান আলভারেসকে দলে আনতে আতলেতিকো মাদ্রিদকে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও সফল হয়নি রেয়াল মাদ্রিদ।
ইউরোপের সফলতম ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব।
“রেয়াল মাদ্রিদ জানাচ্ছে যে, আজকের বোর্ড পরিচালকদের সভার পর হুলিয়ান আলভারেসের স্বত্ব কিনতে আতলেতিকো মাদ্রিদকে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল।”
“বিষয়টি পর্যালোচনার পর, প্রস্তাব দেওয়ার জন্য আতলেতিকো মাদ্রিদ ধন্যবাদ জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই সবকিছু করা হয়েছে এবং তারা এটা ফিরিয়ে দিয়েছে।”
আতলেতিকোয় চুক্তি অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেসের রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো! ২০২৫-২৬ মৌসুমে আতলেতিকোর জার্সিতে ৪৯ ম্যাচ খেলে ২০ গোল করেন তিনি। বর্তমানে বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
নির্বাচনী প্রচারণায় ফ্লোরেন্তিনো পেরেস প্রতিশ্রুতি দিয়েছিলেন, সভাপতি পদে পুনর্নির্বাচিত হলে এবারের গ্রীষ্মে একজন ‘গ্যালাকটিকো’ ফুটবলারকে দলে আনবেন তিনি, যার পেছনে খরচ হতে পারে অন্তত ১৫ কোটি ইউরো।
পেরেস নির্বাচনে জয়ের একদিন পরেই আলভারেসকে কিনতে প্রস্তাব দেওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার খবর দিল লা লিগার সফলতম ক্লাবটি।
সবশেষ মৌসুমে ভীষণ খারাপ সময় কেটেছে রেয়ালের। কোনো শিরোপা জিততে পারেনি তারা। ঘুরে দাঁড়াতে দলের শক্তি বাড়ানোর চেষ্টায় আছে রেয়াল।