সালাহর পরিস্থিতি জানার অপেক্ষায় মিশর
ইরানের বিপক্ষে ৫৭তম মিনিটে মাঠ ছাড়েন মিশর অধিনায়ক মোহামেদ সালাহ।
নকআউট পর্ব শুরুর আগে মিশর অধিনায়ক মোহামেদ সালাহর ফিটনেস নিয়ে শঙ্কা জেগেছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বদলির জন্য ইশারা দেওয়া অভিজ্ঞ ফরোয়ার্ডের অবস্থা প্রাথমিকভাবে গুরুতর মনে হচ্ছে না কোচ হোসাম হাসানের।
নকআউট পর্ব নিশ্চিত হওয়ার সুখবর নিয়ে ইরানের মুখোমুখি হয় মিশর। বাংলাদেশ সময় শনিবার সকালে এগিয়ে গিয়েও ১-১ ব্যবধানে ড্র করে তারা। গোল পার্থক্যে পিছিয়ে থেকে গ্রুপে হয় দ্বিতীয়।
ম্যাচ শেষে কোচ বললেন, পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায় আছেন তিনি।
“সে উঠে আসতে চেয়েছিল। সে বদলি খেলোয়াড়ের কথা বলেছে, এর মানে সে কিছু একটা অনুভব করেছে। আমরা নিশ্চিত হব যে সমস্যাটা আসলে কী। আমরা তাকে পরীক্ষা করব।”
নকআউট পর্বের আগে আরও কয়েকজনের চোট পরিস্থিতি খতিয়ে দেখবে মিশর। দলে ফিটনেসের সমস্যা থাকলেও সামনের পথ চলা নিয়ে উদ্বিগ্ন নন কোচ হাসান।
“আমার কাছে যোদ্ধারা আছে। আমার কাছে মিশরীয় খেলোয়াড় আছে যারা তাদের উপর রাখা বিশ্বাসের যোগ্য। আমি না থাকা খেলোয়াড়দের নিয়ে উদ্বিগ্ন নই। দলের সবার উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে। যদি কারো চোট হলেই আমি উদ্বিগ্ন হই, তাহলে আমি মিশর জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য নই।”
হাসানের মতে, মিশরের গ্রুপ পর্ব পার হতে পারা আরব বিশ্ব ও আফ্রিকার জন্য গর্ব করার মতো একটি অর্জন। শেষ বত্রিশের প্রতিপক্ষ এখনও অজানা মিশরের। তবে দলকে এখন থেকেই পরের লড়াইয়ের জন্য প্রস্তুত করার কাজ শুরু করতে চান কোচ।
