ট্রান্সফারের ‘নাটক’ শেষে আবার মাঠে ফিরতে পেরে খুশি ইসাক
অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত লিভারপুলের খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে সুইডেনের এই তারকা স্ট্রাইকারের।
আলেকসান্দার ইসাকের দলবদল নিয়ে নাটক কম হয়নি। সেই অধ্যায় শেষে কসোভোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো চলতি মৌসুমে মাঠে নামেন তিনি। পূর্ণ মনোযোগ নিয়ে আবারও ফুটবলে ফিরতে পেরে ভীষণ খুশি সুইডেনের এই তারকা স্ট্রাইকার।
দলবদলের ইচ্ছা নিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ইসাক। ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভাঙার অভিযোগও করেন তিনি। নিউক্যাসল সেটির জবাবও দেয়। দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় চরমভাবে।
তারপরও ইসাককে ধরে রাখতে মরিয়া ছিল নিউক্যাসল। কিন্তু ২৫ বছর বয়সী তারকার মন উঠে গিয়েছিল সেন্ট জেমস পার্ক থেকে। অনেক টানাপোড়েনের পর এবারের গ্রীষ্মের দলবদলের একেবারে শেষ দিনে লিভারপুলে যোগ দেন তিনি।
সাড়ে ১২ কোটি পাউন্ডে ইসাককে চুক্তিভুক্ত করে লিভারপুল। যা ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড। এর মধ্যে দিয়ে শেষ হয় এবারের গ্রীষ্মের দলবদলের সময় জুড়ে চলা নাটকীয়তার।
দ্বন্দ্বের জেরে নিউক্যাসলে ব্রাত্য হয়ে পড়েন ইসাক। সেই সময়ই তাকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য জাতীয় দলে ডাকেন সুইডেন কোচ ইয়ন ডেল টমাসন। পরে বাছাই পর্ব শুরু হওয়ার আগেই লিভারপুলের খেলোয়াড় হয়ে যান ইসাক।
স্লোভেনিয়ার বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাই শুরু করে সুইডেন। ওই ম্যাচে খেলানো হয়নি ইসাককে। সোমবার কসোভোর বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেন তিনি। ১৮ মিনিট খেলে কিছুই করতে পারেননি তিনি।
তবে দলবদলের সেই কঠিন সময় পেছনে ফেলে আবার মাঠে ফিরতে পেরেই খুশি ইসাক। ম্যাচ শেষে বললেন, মাঠের বাইরের এইসব ঘটনা থেকেও শিক্ষা নেওয়ার জায়গা আছে অনেক।
“এটা দারুণ ব্যাপার যে, ক্যাম্পের আগেই সবকিছু ঠিক হয়ে গেছে এবং আমি আবারও ফুটবল খেলায় মনোযোগ দিতে পারছি।”
“এটা আমার জন্য মোটামুটি নতুন পরিস্থিতি। তবে মাঠের বাইরের কার্যক্রম থেকেও শেখা ও মানসিকভাবে বিকাশ করা যায়।”
কোনোমতেই আর নিউক্যাসলে থাকতে চাননি ইসাক। তবে অনেক নাটকের পর শেষ পর্যন্ত লিভারপুলের খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে তার।
“অবশ্যই, সবার পুরো ঘটনা জানে না। তবে এটা আরেক দিনের জন্য থাক।”
“যা কিছু বলা হয়েছে কিংবা লেখা হয়েছে, আমি তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারব না। তবে আমি খুশি যে, লিভারপুলে যোগ দিতে পেরেছি।”
আন্তর্জাতিক বিরতির পর লিভারপুল আবার মাঠে নামবে আগামী রোববার। লিগ ম্যাচে বার্নলির মুখোমুখি হবে তারা।
