হলান্ডের গোলে লিভারপুলকে হটিয়ে চূড়ায় সিটি
সাউথ্যাম্পটনের বিপক্ষে পেপ গুয়ার্দিওলার দল পুরোটা সময় দাপট দেখালেও স্কোরলাইনে তার প্রকাশ নেই।
মাঠের সবখানে যে আধিপত্য দেখাল ম্যানচেস্টার সিটি, গোলমুখে গিয়ে তার প্রায় সবটাই ব্যর্থতায় রূপ নিল। ফলে, দুর্বল সাউথ্যাম্পটনের বিপক্ষে পুরোটা সময় একপেশে ফুটবল খেলেও ন্যূনতম ব্যবধানে জিতল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। শুরুর দিকে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।
পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে শিরোপাধারীরা। বিপরীতে, সাউথ্যাম্পটনের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
দারুণ এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে উঠেছে সিটি, ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্ট ২১; তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে স্পার্তা প্রাহার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে গোল করা হলান্ড এবারও জালে বল পাঠান শুরুতেই। পঞ্চম মিনিটে বক্সে ক্রস বাড়ান মাথেউস নুনেস, প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়ার সময়ই কোনোমতে শট নিয়ে গোলটি করেন নরওয়ের তারকা।
সেই যে শুরু, এরপর একের পর এক চলতে থাকে সিটির আক্রমণ। ঘর সামলাতে গিয়ে পাল্টা কোনো আক্রমণই শাণাতে পারছিল না সাউথ্যাম্পটন। বিরতির আগে দারুণ এক প্রতি-আক্রমণে গোলের জন্য প্রথম শট নিয়েই সমতায় ফিরতে পারত তারা; কিন্তু ভাগ্যের ফেরে ক্যামেরন আর্চারের শট ক্রসবারে লাগে।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সাভিনিয়োর দূরের পোস্টে বাড়ানো ক্রস গোলমুখে পেয়েও ঠিকমতো টোকা দিতে পারেননি হলান্ড। কিছুক্ষণ পর তার লক্ষ্যভ্রষ্ট হেডে আরেকটি ভালো সম্ভাবনা নষ্ট হয় সিটির।
শেষ দিকে আরেকটি ভালো সুযোগ পান গত দুই মৌসুমে দলের এবং লিগের সেরা গোলদাতা হলান্ড। কিন্তু তার প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি সাউথ্যাম্পটন গোলরক্ষক।
