২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের কাছে হেরে ‘নিজেদের আসল সামর্থ্য দেখানোর’ ডাক আর্সেনাল কোচের

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হার মেনে নিয়ে মিকেল আর্তেতা বললেন, সব ম্যাচে জেতা অসম্ভব।

ইউনাইটেডের কাছে হেরে ‘নিজেদের আসল সামর্থ্য দেখানোর’ ডাক আর্সেনাল কোচের
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 04:41 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

লিগের গুরুত্বপূর্ণ সময়ে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন মিকেল আর্তেতা। এখন নিজেদের আসল সামর্থ্য দেখানোর সময় এসেছে বলে মনে করছেন আর্সেনাল কোচ।

এমিরেটস স্টেডিয়ামে রোববার রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় আর্সেনাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে এটি তাদের প্রথম পরাজয়।

নতুন বছরে এই প্রথম আর মৌসুমে তৃতীয় হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। তাদের তিনটি পরাজয়ই এলো প্রিমিয়ার লিগে।

অন্যান্য প্রতিযোগিতায় জয়ের ধারায় থাকলেও, প্রিমিয়ার লিগে কিছুদিন ধরেই ভুগছে আর্তেতার দল। লিগে আগের দুই রাউন্ডেই গোলশূন্য ড্র করে দলটি। এবার জালের দেখা পেলেও, পথ হারিয়ে হেরে বসে তারা।

এই ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থান থেকে ব্যবধান ৭ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু উল্টো হেরে শিরোপার লড়াই আরও জমিয়ে দিয়েছে তারা। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৫০। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে ও অ্যাস্টন ভিলা তিন নম্বরে আছে।

আগের দুই মৌসুমেও লিগ শিরোপা জেতার দৌড়ে লম্বা সময় সবার আগে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে পথ হারিয়ে ট্রফিতে আর চুমু আঁকা হয়নি তাদের। তবে এবার এমন কিছু হতে দিতে চান না আর্তেতা।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের পর আর্সেনাল কোচ বললেন, ঘুরে দাঁড়িয়ে নিজেদের শক্তি দেখানোর পালা এবার তাদের।

 “শিরোপা জিততে চাইলে এই মুহূর্তগুলোর মধ্য দিয়ে যেতে হবে। প্রতিটি ম্যাচ জেতা একেবারেই অবাস্তব, ব্যবধানটা খুবই কম, আর আজকের ব্যবধানটা তো আরও ছোট, কারণ আমরা যেভাবে কিছু কাজ করেছি।”

“এখন আমাদের প্রতিক্রিয়া দেখানোর সময় এবং আমাদের সামর্থ্য দেখানোর সময়।”

লিগে আগামী শনিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। তার আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কায়রাতের বিপক্ষে লড়বে তারা।