২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছাড়ছেন ব্রুস

দেশটির ফুটবল ফেডারেশনের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাব ‘ফিরিয়ে দিয়েছেন’ ৭৪ বছর বয়সী বেলজিয়ান কোচ।

দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছাড়ছেন ব্রুস
হুগো ব্রুস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 06:33 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

হুগো ব্রুস ও দক্ষিণ আফ্রিকার দীর্ঘ পাঁচ বছরের পথচলার ইতি ঘটতে যাচ্ছে। চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দলটির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ান কোচ।

দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তির মেয়াদ আর না বাড়ানোর কথা দেশটির ফুটবল সংস্থাকে জানিয়ে দিয়েছেন ৭৪ বছর বয়সী ব্রুস।

২০২১ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন ব্রুস। তার কোচিংয়ে ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে তৃতীয় হয় তারা। আর এবার নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে ওঠে দলটি, শেষ বত্রিশে কানাডার বিপক্ষে হেরে বিদায় নেয়।

গণমাধ্যমের খবর, ব্রুসকে ২০২৭ সালের জুলাইয়ে অনুষ্ঠেয় কাপ অব নেশন্স পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। পেশাদার কোচিং থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ। সেটার ইঙ্গিত অবশ্য বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দিয়েছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নতুন একটি রেকর্ডও গড়েন ব্রুস। ৭৪ বছর ৭৫ দিন বয়সে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ জেতা সবচেয়ে বয়স্ক কোচ তিনি।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে গিনির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্ব শুরু করবে দক্ষিণ আফ্রিকা। একই পুলে রয়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক কেনিয়া ও ইরিত্রিয়াও।