২৮ বছরে প্রথমবার নরওয়েকে বিশ্বকাপে নেওয়ার ‘বড় দায়িত্ব’ হলান্ডের কাঁধে
‘আমার জন্মের পর নরওয়ে কখনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, যা করতে পারাটা হবে আমার জন্য সত্যিই বড় ব্যাপার’, বলেছেন আর্লিং হলান্ড।
নরওয়ে সবশেষ যখন বিশ্বকাপে খেলেছে, আর্লিং হলান্ডের তখন জন্মই হয়নি। প্রায় তিন দশকের অপেক্ষার প্রহর পেরিয়ে আবার বিশ্ব মঞ্চে খেলার টিকেট পাওয়ার দুয়ারে এখন দলটি। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হলান্ড বললেন, নরওয়ের জার্সিতে অভিষেকের পর থেকেই দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব অনুভব করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। শেষ রাউন্ডে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় মিলানে তারা খেলবে ইতালির বিপক্ষে, যারা ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
বাছাইয়ে নরওয়ের অপরাজেয় যাত্রায় বড় অবদান আছে হলান্ডের। দলের ৩৩ গোলের ১৪টিই করেছেন তিনি। সেপ্টেম্বরে মলদোভার বিপক্ষে ১১-১ ব্যবধানের জয়ে তিনি একাই করেন পাঁচ গোল।
১৯৯৮ সালে সবশেষ যখন বিশ্বকাপে খেলেছে নরওয়ে, তারও দুই বছর পর জন্ম হয় হলান্ডের। ইতালির বিপক্ষে ম্যাচের আগে ২৫ বছর বয়সী তারকা বলেন, দলকে আবার বিশ্বকাপে নেওয়ার বড় দায়িত্ব তার কাঁধে।
“নরওয়েকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর অনেক বেশি। আমি অনেক বছর ধরেই তা বলে আসছি। আমার কাঁধে বড় দায়িত্ব এবং ২০১৯ সালে জাতীয় দলে আসার পর থেকে এই লক্ষ্যেই কাজ করছি আমি।”
“এখন আমরা এত কাছে, আমরা পারব... আমি জানি না এটাকে ইতিহাস বলবেন কি-না, অথবা যা বলতে চান। আমার জন্মের পর নরওয়ে কখনও (বিশ্বকাপে) যোগ্যতা অর্জন করতে পারেনি, যা করতে পারাটা হবে আমার জন্য সত্যিই বড় ব্যাপার। আবারও বলছি, এর জন্য যথাসাধ্য চেষ্টা করব আমি।”
আগামী বছরের বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যুক্তরাষ্ট্রে সবশেষ হওয়া ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের হয়ে খেলেছিলেন হলান্ডের বাবা ও ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার আলফ-ইঙ্গে হলান্ড। আগামী আসরে খেলতে পারা বিশেষ কিছু হবে বলে মনে করেন আর্লিং হলান্ড।
“অবশ্যই এটা বিশেষ কিছু, কারণ আমার বাবা ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেছিলেন। আশা করি, তার প্রায় ৩০ বছর পর আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পারব, এটা বিশেষ কিছু এবং আমাকেও অনুপ্রাণিত করছে।”
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে, রানার্সআপকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা।
আগের দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ২০২৬ আসরে সরাসরি খেলতে নরওয়ের বিপক্ষে জিততে হবে ৯ গোলের ব্যবধানে, যা প্রায় অসম্ভবের পর্যায়ে। প্রথম দেখায় নরওয়ের মাঠে ৩-০ গোলে হেরেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার বড় ঝুঁকিতে এখন ইতালি। আগের দুইবার প্লে-অফে হেরেছিল তারা।
