‘হাল ছাড়ব না’, সিটিকে কক্ষপথে ফেরানোর প্রতিশ্রুতি গুয়ার্দিওলার
নিজের প্রচেষ্টায় কোনো কমতি রাখতে চান না ম্যানচেস্টার সিটি কোচ।
দলের টানা বাজে পারফরম্যান্সে ভীষণ কঠিন সময় পার করছে ম্যানচেস্টার সিটি। জিততে যেন ভুলেই গেছে তারা। তবে দলকে পথে ফেরাতে নিজের প্রচেষ্টায় কোনো কমতি রাখতে চান না কোচ পেপ গুয়ার্দিওলা।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে সিটি। বক্সিং ডেতে এভারটনের সঙ্গে ১-১ ড্রয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গেছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে গত চার আসরের চ্যাম্পিয়নরা পিছিয়ে ১৪ পয়েন্টে। লিভারপুলের হাতে একটি ম্যাচও বেশি আছে।
গত সপ্তাহে ৫৩ বছর বয়সী গুয়ার্দিওলা আশঙ্কা প্রকাশ করেন, প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারবেন না তারা।
গত মাসে সিটির সঙ্গে দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানো এই স্প্যানিশ কোচের দাবি, বাজে পারফরম্যান্সের হতাশা দলকে পুরোনো ছন্দে ফেরানোর তার আকাঙ্ক্ষা ও পরিকল্পনাকে প্রভাবিত করেনি।
“আমি হাল ছাড়ব না। আমি এটা (দলকে কক্ষপথে ফেরাতে) করতে চাই। যে পরিস্থিতিতে আমরা আছি, আমাদের এটা করতেই হবে।”
“অবশ্যই আমি এটা চাই। সবাই চায়। মানুষদের, ভক্তদের বা এই ক্লাবকে ভালোবাসে এমন লোকদের হতাশ করতে চাই না আমি।”
সেই লড়াইয়ে প্রিমিয়ার লিগে রোববার লেস্টার সিটির মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।
